
শান্ত-মোস্তাফিজদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। গতকাল রোববার ভোর ৫টার দিকে পাকিস্তান দলকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ১৬ সদস্যের পাকিস্তান দলের বাবর ছাড়া সবাই এসেছেন। রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলে দলের সঙ্গে যোগ দেবেন বাবর। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের সরাসরি নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া ভাল থাকলে আজ অনুশীলনে নামার কথা শান মাসুদদের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবর না থাকলেও মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির মতো তারকারা প্রথম বহরেই ঢাকায় পৌঁছেছেন।
পাকিস্তানের এ সফরের অন্যতম আকর্ষণ হচ্ছে কোচিং স্টাফের বড় পরিবর্তন। এ সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের। তার সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্ব পালন করবেন উমর গুল। ঘোষিত স্কোয়াডে আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি নামের চারজন নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে একটি শক্তিশালী দল নিয়ে মিরপুর ও সিলেট টেস্টের প্রস্তুতি শুরু করবে সফরকারীরা। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ২টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১টি করে হার ও ড্র’তে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। ১টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাকিস্তান।
সিরিজের সময়সূচি অনুযায়ী, আগামী ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ সিরিজ শেষ করার পর কোনো বিশ্রাম ছাড়াই বাবর আজমদের বিপক্ষে মাঠে নামতে হবে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমামণ্ডউল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।