ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শুক্রবারের মধ্যে নতুন কোচ পাচ্ছেন হামজারা

শুক্রবারের মধ্যে নতুন কোচ পাচ্ছেন হামজারা

হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ের পর জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অন্য ধাপ অগ্রগতি হয়েছে। তবে জাতীয় দলের ডাগআউটে কে দাঁড়াবেন, তা সুরাহা হয়নি এখনও। গতকাল সোমবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে আবেদন করা কোচদের মধ্যে ১০ জনের একটা সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে এই ১০ জনের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে বলে সভা শেষে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল কমিটির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

ফর্টিস এফসির আঙিনায় নির্বাহী কমিটি সভায় বসে। হামজা-সামিতদের কোচ হতে শতাধিক আবেদনকারীর মধ্যে প্রথমে ৭৫ জনকে বাছাই করা হয়। এরপর ৫৫ জনকে। সব শেষ সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান ২০ জন। তাদের মধ্যে থেকে এদিন ১০ জনকে বেছে নিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। এই কোচদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বাবু। ‘আমরা ১০ জনকে সিলেক্ট করেছি এবং এই ১০ জনের থেকে আগামী তিন দিনের মধ্যে আমরা কাকে কোচ নির্বাচন করব, সেটা আমরা নিশ্চিত করে ফেলব। আগামীকাল, আগামী পরশু, তার পরের দিন-প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিন দিন আমরা এই ১০ জনের সঙ্গে কথা বলব। কথা বলার পরে একজনকে আমরা ফাইনাল করব। এটা হচ্ছে আমাদের আজকের মিটিংয়ের মূল সারাংশ। জাতীয় দলের জন্য ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া থেকে সিভি জমা পড়েছে। আশা করছি, আমরা তিন দিন দেখে একজনকে ঠিক করতে পারব।’

বাবু বলেন, ‘আমাদের কোচ খুব তাড়াতাড়ি লাগবে। আমরা সান মারিনোতে টিম পাঠানোর আগেই আমরা কোচকে নির্বাচন করতে চাচ্ছি। আপনারা জানেন যে, আমাদের আবার সামনে সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে এবং সাফের খেলোয়াড়ও বাছাই করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা কোচ নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি। অতি তাড়াতাড়ি আমরা কোচকে নির্বাচন করে ফেলব।’ আগামী ৫ জুন ফিফা উইন্ডোতে সান মেরিনোর বিপক্ষে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই সময়ে মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তানের সাথে খেলবে চার জাতি টুর্নামেন্টে খেলবে দল।

মালেতে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর কথা থাকলেও ন্যাশনাল টিমস কমিটির সদস্য শাহাদাত হোসেন জানালেন, জাতীয় দলই পাঠাবেন তারা। তবে মালদ্বীপে হামজা চৌধুরী থাকবেন না, বললেন তিনি। ‘আয়োজক মালদ্বীপ আমাদের অনুরোধ করেছে যেন জাতীয় দল পাঠাই। তাই আমরা ঠিক করেছি একই সময় সান মেরিনো ও মালদ্বীপে খেলা। তাই দুটো জাতীয় দল করব। আমাদের হাতে অনেক খেলোয়াড় আছে, দল তৈরি করতে সমস্যা হবে না। উনারা (হামজা-সামিতরা) মালদ্বীপে যাবেন না, উনারা ইউরোপে যাবেন (সান মেরিনোর বিপক্ষে খেলতে)। তবে, আমাদের কিছু প্রবাসী খেলোয়াড় যাবে মালদ্বীপে।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আগে কখনও এত আবেদন পড়েনি। হামজা-সামিতরা দলে যোগ হওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খোঁজ রাখছেন বিশ্বের অনেক দেশের কোচরা। বিশেষ করে ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণ জেতানো কোচ বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আবেদন করায় চারিদিকে আলোচনা আরও ছড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত