
গেল এপ্রিলের প্রথম সপ্তাহে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই কমিটির সভাপতি তামিম ইকবাল। তাদের দায়িত্ব হলো ৩ মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা। তামিম ইকবালও জানিয়েছিলেন, জুনের প্রথম, সর্বোচ্চ দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। প্রতিশ্রুতি মোতাবেক নির্বাচনের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের মনোনয়ন আহ্বান করা হবে দ্রুতই। পাশাপাশি নির্বাচক কমিশনের কাঠামোও ঠিক করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মিরপুরে বিসিবির অ্যাডহক কমিটির সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরুর কথা জানান সভাপতি তামিম। অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাদের তৃতীয় বোর্ডসভা। এই সভার পর সংবাদ সম্মেলন করেনি বিসিবি, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।
‘বিসিবির পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রথম পদক্ষেপ হিসেবে, বিসিবি সংবিধানের ১২.৭ ধারা অনুযায়ী সকল বিভাগ থেকে কাউন্সিলরদের মনোনয়ন আহ্বান করে শিগগিরই একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। নির্বাচন কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে থাকবে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত সদস্য থাকবেন দুজন।’
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশাল- এই তিন বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে আমিনুলের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল। বিসিবি নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে ওই নোটিশে।
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ এ আছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো, জেলা প্রশাসকেরা এই মনোনয়ন দেন। ক্যাটাগরি-২-এ আছে ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ৭৬টি ক্লাব, সব কটি ক্লাব থেকে একজন করে কাউন্সিলর হন। আর ক্যাটাগরি-৩-এ আছেন সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা।
গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমেই দায়িত্ব নিয়েছিল একটি পরিচালনা পর্ষদ, যেখানে সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে সেই নির্বাচনে অনেক অনিয়ম ও দুর্নীতি খুঁজে পাওয়ায় গত ৭ এপ্রিল পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এনএসসি এবং তামিমকে প্রধান করে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে নিদের্শনা দেওয়া হয়।
তামিম অবশ্য কদিন আগে বলেছিলেন, ৩ মাস সময় তারা নেবেন না, জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। সেই কথা অনুযায়ীই প্রক্রিয়া শুরু হয়ে গেল। এছাড়া ২ বছরের জন্য বিসিবির বেভারেজ পার্টনার হয়েছে কোকাণ্ডকোলা।