ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

স্বপ্না-মুনকিকে ছাড়াই সাফের হ্যাটট্রিক মিশনে বাংলাদেশ

স্বপ্না-মুনকিকে ছাড়াই সাফের হ্যাটট্রিক মিশনে বাংলাদেশ

পারফরম্যান্স আর শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নয়- কোচ পিটার বাটলারের এমন কড়া বার্তায় সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়লেন নিয়মিত দুই মুখ স্বপ্না রানী ও মুনকি আক্তার। নারী সাফে টানা দুই শিরোপা জয়ে অবদান ছিল তাদের। কিন্তু হ্যাটট্রিক শিরোপা জয় মিশনে রাখা হয়নি এই দুই মিডফিল্ডারকে। তাদের ছাড়াই সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ দেশ ছাড়ছে লাল-সবুজের মেয়েরা। তার আগে গতকাল বুধবার বাফুফেতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন বিস্ফোরক মন্তব্যই করে ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, ‘তাদের পারফরম্যান্স খুবই খারাপ। তাই তাদেরকে দলে নেওয়া হয়নি। আশাকরি একদিন তাদের বোধদয় হবে।’

ইনজুরির জন্য দল থেকে বাদ পড়েছেন নবীরন খাতুন। সব মিলিয়ে গত সাফের দল থেকে এবার বাদ পড়েছেন ১০ জন। এরা হলেন- সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, নিলুফার ইয়াসমিন, আইরিন খাতুন, স্বপ্না রানী, মুনকি আক্তার ও গোলকিপার ইয়ারজান বেগম। তবে দলে নতুন মুখ অর্পিত বিশ্বাস ও মৌমিতা খাতুন। ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করেছে আফঈদা-ঋতুপর্নারা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে হওয়া এই ক্যাম্প শেষে দুইদিন আগেই ঢাকায় ফিরেছে তারা। আজ ২৩ সদস্যের দলটি থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। সেখানে ১৫ দিনের ক্যাম্প করার পাশাপাশি স্থানীয় প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন আফঈদা-ঋতুপর্ণারা। ১০ মে টায়ার-১ এর কাসিম বুন্দিত এফসি এবং ১৭ মে দ্বিতীয় বিভাগের ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাবের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকেই ২১ মে তারা যোগ দেবেন সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে। বাংলাদেশের প্রথম দুই সাফ জয়ের অধিনায়ক সাবিনা খাতুন। গত সাফ জয়ের পর থেকে কোচ বাটলারের সঙ্গে দূরত্বে তিনিসহ কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়া দল থেকে বাইরে। এবার তাদের ছাড়াই বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় খেলা সুইডেন প্রবাসী আনিকা রয়েছেন স্কোয়াডে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাদের লক্ষ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বাফুফের পক্ষ থেকে এই টুর্নামেন্টে গুরুত্ব দেওয়া হয়েছে।’ শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী দল। অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘এবার আমাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ। আমাদের প্রস্তুতি ভালো, গ্রুপে শক্তিশালী ভারতও রয়েছে। তারপরও আমরা ভালো খেলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ ৬ দলের সাফে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত এবং মালদ্বীপের সঙ্গে। লাল সবুজের মেয়েদের প্রথম ম্যাচ ২৯ মে, মালদ্বীপের বিপক্ষে। ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল গড়াবে আগামী ৬ জুন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল: আফঈদা খন্দকার (অধিনায়ক), রূপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকা, স্বর্ণা রানী, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত