ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কোচ ইস্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফের সভা

কোচ ইস্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফের সভা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ, কক্সবাজারে এক্সিলেন্স সেন্টার নির্মাণ এবং ফুটবল ফেডারেশনের জন্য স্থায়ী স্টেডিয়াম তৈরির পরিকল্পনা- এসব বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সভা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সভায় ফুটবলের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ওই সভা নিয়ে আমিনুল হক বলেন, ‘জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরইমধ্যে কয়েকজন কোচকে শর্টলিস্ট করা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমরা চাই বাংলাদেশের ফুটবলের জন্য যে নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছি, আশাকরি ভালমানের কোচকেই অন্তর্ভুক্ত করতে পারব।’

কোচের সংখ্যা কতজনে নেমেছে, তা জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি প্রতিমন্ত্রী। নতুন কোচ নিয়োগে আর্থিক সীমাবদ্ধতা থাকলে সরকারের সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আমিনুল হকের ভাষায়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেসব সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো অতিক্রম করতে হলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’ দেশের জনপ্রিয় খেলা ফুটবল নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের ফুটবল নিয়ে যে প্রত্যাশা ও আবেগ রয়েছে, সেটিকে বাস্তবরূপ দিতে সরকার ও বাফুফে একসঙ্গে কাজ করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’ এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) টিটন ক্ষিসা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান, সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ, সাইক্লিং ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। এদিকে কক্সবাজারে ফিফার অনুদানে একটি ‘এক্সিলেন্স সেন্টার’ নির্মাণ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি বাফুফের জন্য বরাদ্দ পাওয়া তিনটি স্টেডিয়ামের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ ফুটবলের জনপ্রিয়তা ও দর্শক আগ্রহকে সামনে রেখে বাফুফে একটি স্থায়ী নিজস্ব স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেছে সরকারের কাছে। এ বিষয়ে আমিনুল হক বলেন, ‘ক্রিকেটের জন্য যেমন পূর্বাচলে বড় জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, ফুটবলের জন্যও তেমন একটি স্থায়ী ভেন্যুর প্রয়োজন রয়েছে। বাফুফে একটি জায়গার জন্য আবেদন করেছে, যেখানে তারা স্থায়ীভাবে নিজস্ব স্টেডিয়াম তৈরি করতে চায়।

তারা ঢাকার আশপাশে কয়েকটি ভেন্যুর কথা বলেছে। আমি বলেছি, আগে জায়গাগুলো পরিদর্শন করে আসুন, এরপর আমরা বসে সিদ্ধান্ত নেব।’ বাফুফের জমি সংক্রান্ত ৮ কোটি টাকা মওকুফের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন আমিনুল হক, ‘আমরা এটি আলোচনা করেছি। নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে বাফুফের প্রত্যাশা অনুযায়ী বিষয়টি মওকুফ করে দেওয়ার চেষ্টা করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত