
লিগা এমএক্সের যেসব ফুটবলার বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকে যোগ দেবে না, তাদেরকে বিশ্বকাপের মূল স্কোয়াডে রাখা হবে না বলে জানিয়ে দিয়েছে মেক্সিকোর ফুটবল ফেডারেশন (এফএমএফ)। আসছে বিশ্বকাপের জন্য বুধবার অনুশীলন শুরু করেছে মেক্সিকো। এই ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের লিগা এমএক্সের ক্লাবগুলো ৬ মে ছেড়ে দেবে, এই মর্মে ক্লাবগুলোর সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছায়। এফএমএফ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সকল খেলোয়াড় মেক্সিকো সিটির হাই পারফরম্যান্স সেন্টারে রিপোর্ট করবে। কোচিং স্টাফের নির্দেশনা অনুযায়ী, যে সব খেলোয়াড় আজ অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ব্যর্থ হবে, তারা বিশ্বকাপ দল থেকে বাদ পড়বে।’ একমাত্র ব্যতিক্রম নিয়ম রাখা হয়েছে তোলুকা ফুটবল ক্লাবের ক্ষেত্রে; বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমি-ফাইনালের ফিরতি লেগে লসএঞ্জেলসের বিপক্ষে মাঠে নামবে দলটি, প্রথম লেগে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে তারা। তোলুকার যেসব খেলোয়াড় মেক্সিকোর অনুশীলনে ডাক পেয়েছে, তারা এই ম্যাচের পর ক্যাম্পে যোগ দেবে। এফএমএফ-এর এই নিয়মের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্লাব গুয়াদালাহারার মালিক আমুয়ারি ভের্গারা। মেক্সিকোর শীর্ষ লিগের এটাই একমাত্র ক্লাব, যারা শুধু মেক্সিকান ফুটবলারদের নিয়ে স্কোয়াড গড়ে এবং এই দল থেকে পাঁচজন ডাক পেয়েছেন বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে।