
ফুটবল বিশ্বকাপ আর শাকিরা, দুই নাম যেন এক বিশেষ আবেগে জড়িয়ে গেছে বহু আগেই। ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে ২০১০ বিশ্বকাপে যে উন্মাদনা তৈরি করেছিলেন কলম্বিয়ান পপ তারকা, এবার সেই স্মৃতিকে নতুন করে ফিরিয়ে আনতে চলেছেন তিনি। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নতুন অফিসিয়াল গান নিয়ে হাজির হচ্ছেন শাকিরা, আর তার প্রথম ঝলক এরমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মধ্যে। গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন গানের ঘোষণা দেন শাকিরা। ‘দাই দাই’ শিরোনামের গানটির একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেন তিনি, যা ধারণ করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। ৬৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মারাকানার মাঠে দাঁড়িয়ে গানটির অংশবিশেষ পরিবেশন করছেন শাকিরা। ভিডিওতে তার হাতে ছিল ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের জার্সির রঙে সজ্জিত নৃত্যশিল্পীরা, যেখানে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার রঙও ছিল চোখে পড়ার মতো। ইংরেজি ভাষার এই গানে ফুটবল উৎসবের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা স্পষ্টভাবেই ধরা পড়ে।