
দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে হামজা চৌধুরী, শমিত সোমদের কোচ কে হচ্ছেন আজ জানা যাবে। আগেই সে রকম ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। আজ কোচের নাম বললেও ১৫ মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি করবে বাফুফে। এদিকে বাংলাদেশের কোচ হতে আবেদন করা ব্রাজিলিয়ান রোজারিও মিকেল তার আবেদন প্রত্যাহার করেছেন।
সূত্রে জানা গেছে, কোচ নিয়োগে বাফুফের দীর্ঘসূত্রিতার কারণেই সরে গেছেন ৩০ হাজার মার্কিন ডলার বেতন দাবি করা রোজারিও। বর্তমানে ব্রাজিলের দ্বিতীয় স্তরের ক্লাব লন্ড্রিনা ইসিতে কোচ হিসাবে কাজ করছেন এই ব্রাজিলিয়ান। সূত্রটি আরও জানায়, ব্রিটিশ ক্রিস কোলম্যানকেই শেষ পর্যন্ত বেছে নিতে পারে বাফুফে। যদিও এটি নির্ভরযোগ্য সূত্র নয়।