ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বকাপ খেলতে আয়োজক দেশকে শর্ত দিল ইরান

বিশ্বকাপ খেলতে আয়োজক দেশকে শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল ইরানের। শেষ পর্যন্ত দেশটির ফুটবল ফেডারেশন আসন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কাছে বেশ কিছু শর্ত দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। গতকাল শনিবার ফেডারেশনটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বলেছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করব। তবে আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হয়েই আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে চাই।’ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশে হবে ২৩তম ফিফা বিশ্বকাপ। তবে গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরই মধ্যে গত মাসে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের আগে ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজকে দেশটিতে ঢুকতে দেওয়া হয়নি। ইরানের সামরিক বাহিনীর শাখা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তার ভিসা বাতিল করে কানাডা। ২০২৪ সালে কানাডা আইআরজিসিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এই প্রেক্ষাপটে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য তেহরানের ১০টি শর্ত রয়েছে। তিনি দেশটিকে যথাযথ সম্মান দেওয়ার বিষয়ে নিশ্চয়তা দাবি করেন। ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম হলো খেলোয়াড় ও কর্মকর্তা- সবার ভিসা নিশ্চিত করা, টুর্নামেন্ট চলাকালে ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। এ ছাড়া বিমানবন্দর, হোটেল এবং যাতায়াতের পথে দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই সপ্তাহ আগে জানিয়েছেন, ইরানি ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত