
সংক্ষিপ্ত তালিকা থেকে হামজা-মোরসালিনদের কোচ চূড়ান্ত এমন আভাস মিলেছিল। কিন্তু বাস্তবে তার লক্ষণ মিলছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি জানিয়েছিলেন গতকাল নতুন কোচের নাম জানাবেন। কিন্তু এখন জানা যাচ্ছে, ১৫ মের আগে সেই সম্ভাবনা ক্ষীণ। কারণ হামজা চৌধুরীদের কোচ নির্বাচনে এখনও আলোচনা-পর্যালোচনা করছেন বাফুফের কর্তারা। সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় দলের কোচ হওযার দৌঁড়ে এগিয়ে রয়েছেন সাবেক ওয়েলস’র কোচ ক্রিস কোলম্যান। ৫৫ বছর বয়সী কোলম্যান খেলোয়াড়ি জীবনে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন।
কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন ফুলহাম এফসি, সাদারল্যান্ড এএফসি এবং রিয়েল সোসিয়েদাদের মতো ক্লাবে। তবে তার সবচেয়ে বড় সাফল্য আসে ওয়েলস জাতীয় দলের দায়িত্বে। তার অধীনে ওয়ালস জাতীয় ফুটবল দল ২০১৬ ইউরোতে সেমিফাইনাল খেলেছিল এবং ফিফা র্যাঙ্কিংয়ে ১১৭ থেকে উঠে গিয়েছিল ৮ নম্বরে। কোলম্যানের পাশাপাশি আলোচনায় রয়েছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সী এই কোচ খেলোয়াড় হিসেবে বোরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মাঠে নেমেছেন।
কোচিং ক্যারিয়ারে তিনি হাঙ্গেরি ও কাজাখস্তান জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন।
নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে শুধু হেড কোচ নয়, তার সঙ্গে আসা পুরো কোচিং স্টাফ, অবকাঠামো, অনুশীলন সুবিধা ও আর্থিক বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আন্তর্জাতিক মানের কোচরা সাধারণত নিজেদের সহকারী স্টাফ নিয়েই কাজ করতে চান।