
সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা মিশনের আগে থাইল্যান্ডে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। গতকাল রোববার আফঈদা খন্দকার-ঋতুপর্ণারা তৃতীয় অনুশীলন সেশন করেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে দেড় ঘণ্টার অনুশীলন করেছেন আফঈদা খন্দকাররা। যেখানে দলের মিডফিল্ডার ও ডিফেন্ডারদের সঙ্গে বোঝাপড়া বাড়াতে কাজ করেছেন কোচ পিটার বাটলার। পাশাপাশি ফিনিশিং এবং সেট-পিস নিয়েও কাজ করেছেন তিনি। অন্যদিকে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলও ছিলেন ব্যস্ত। পোস্টে রূপনা চাকমা পরীক্ষিত। সেই তুলনায় স্বপ্না রানী মন্ডল নতুন। আবার সর্বশেষ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে পোস্ট সামলান মিলি আক্তার। হাতে চোট পাওয়ার পর, বল নিয়ে তিনি কাজ শুরু করতে পারেননি এখনও। থাইল্যান্ডের লিগের দল কাসেম বুন্ডিতের বিপক্ষে তাই রূপনা ও স্বপ্নাকে পরখ করে নেওয়ার পরিকল্পনা গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের।
ভারতের গোয়ায় আগামী ২৫ মে শুরু হতে যাওয়া উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ব্যাংককে নিবিড় প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ। গতকাল রোববার এলপাইন ফুটবল ক্যাম্প ট্রেনিং গ্রাউন্ডে তৃতীয় দিনে রক্ষণ ও মাঝমাঠের মধ্যে বোঝাপড়া নিয়ে কাজ করেছেন প্রধান কোচ পিটার জেমস বাটলার। উজ্জ্বল সময় কাটিয়েছেন তিন গোলকিপার নিয়ে। সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ সোমবার থাইল্যান্ডের চলমান লিগে চতুর্থ স্থানে থাকা কাসেম বুন্ডিতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় উজ্জ্বল জানিয়েছেন, পুরোনোদের পাশাপাশি দলে থাকা নতুনদেরও ঝালিয়ে নিতে চান তারা। ‘আগামীকাল (আজ) আমরা একটা ম্যাচ খেলতে যাচ্ছি স্থানীয় ক্লাব কাসেম বুন্ডিতের সঙ্গে। আশা করি, মেয়েরা ভালো পারফর্ম করবে এই ম্যাচে। এই ম্যাচগুলো আমাদের জন্য খুবই সহায়ক হবে আমরা যে ধাঁচের ফুটবল খেলতে চাচ্ছি, সেটার জন্য। আমরা নতুন কিছু খেলোয়াড় যুক্ত করেছি দলে, তাদের দেখার একটা সুযোগ হচ্ছে। তারা কে কী রকম, তারা নিজেদের ভূমিকা ও দায়িত্ব আসলে কতটুকু পালন করতে পারবে- এগুলো দেখার জন্যই এই ম্যাচগুলি খুব গুরুত্বপূর্ণ, যেটা সাফের সময় আমাদের কাজে দেবে।’
গোলরক্ষক কোচ বলেন, ‘মিলির হাতে তিনটা স্টিচ ছিল, আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে। তো মিলির ফিটনেস নিয়ে কাজ করছি নিয়মিতই। চোট পাওয়ার পর থেকে ওকে নিয়ে কাজ করছি। ওকে নিয়ে হয়তো বল ওয়ার্ক করতে পারছি না, বল ওয়ার্ক করতে হয়তো আরও দুই-তিন দিন সময় লাগবে। আগামীকাল আমরা যে ম্যাচ খেলব, সেখানে স্বপ্না এবং রূপনাকে খেলানোর চিন্তাভাবনা করছি। মিলিকে পরের ম্যাচ থেকে খেলানোর চেষ্টা করব।’
দলে বড় কোনো চোট সমস্যা নেই। প্রস্তুতিতে ঋতুপর্ণা-মনিকারা সবাই ভালো করছে, জানিয়েছেন দুটি উইমেন’স সাফ জয়ী উজ্জ্বল।
‘দলের সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। সবার শারীরিক অবস্থা খুবই ভালো, কোনো চোট সমস্যা নেই। মোটামুটি মেয়েরা ভালো ট্রেনিং করছে।