
দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের সামনে এবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার বড় সুযোগ। তৃতীয় কোয়ালিফাইং পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে জয়ী দল সরাসরি জায়গা করে নেবে ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে বর্তমান শক্তিশালী দল বসুন্ধরা কিংস। ম্যাচটি শুরু হবে পৌঁনে তিনটায়। এই ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। দুই দলই শেষ কয়েক মৌসুমে নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিশেষ করে মোহামেডান এবার টুর্নামেন্টজুড়ে বেশ আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। আক্রমণভাগে তাদের গতি ও মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিপক্ষকে চাপে ফেলছে নিয়মিত। গতকাল সোমবার ম্যাচের আগের দিন ঢাকা থেকে চারঘণ্টার জার্নি করে কুমিল্লায় পৌঁছেছে মোহামেডান। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নও চমক দেখিয়ে এই পর্যায়ে উঠে এসেছে। তরুণ ও অভিজ্ঞ এবং সাফ কোটায় আসা ফুটবলারের সমন্বয়ে গড়া দলটি লড়াকু মানসিকতায় এগিয়ে যেতে চায় আরও এক ধাপ। সাফের কোটায় আসা পাকিস্তানের ফুটবলাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান। ঐতিহ্যাহী দুই দলের মুখোমুখিতে ম্যাচটি মর্যাদার লাইয়ে রুপ নিয়েছে। কারণ জয় মানেই শুধু ফাইনাল নয়, দেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার সুযোগ। কিংস ইতোমধ্যে নিজেদের শক্তিমত্তার প্রমাণ রেখে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ফলে সম্ভাব্য ফাইনালকে সামনে রেখে মোহামেডান ও ব্রাদার্স-দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।
কোচ ও খেলোয়াড়দের ভাষ্যেও রয়েছে আত্মবিশ্বাসের ছাপ। উভয় শিবিরই বলছে, ছোট ছোট ভুল এড়িয়ে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় সম্ভব। দর্শকরাও আশা করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ উপহার দেবে দুই দল। এখন দেখার বিষয়, কুমিল্লার লড়াই শেষে কে পায় ফাইনালের টিকিট- মোহামেডান নাকি ব্রাদার্স ইউনিয়ন।