
খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে পরিচিত হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে বড় পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক নির্বাচক ও প্রাক্তন বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক। তার সঙ্গে আরও কয়েকজন বড় নাম যুক্ত হওয়ার কথা রয়েছে। মূলত পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যেই এইচপি ইউনিটকে ঢেলে সাজানোর এই উদ্যোগ নিয়েছে বিসিবি। বোর্ড সংশ্লিষ্টদের ধারণা, এইচপি ইউনিটকে নতুন করে সাজানোর ফলে এখন আর আলাদা করে ‘বাংলাদেশ টাইগার্স’ প্রোগ্রামের প্রয়োজন হবে না। ওই প্রোগ্রামের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সোহেল ইসলাম।
নতুন পরিকল্পনা অনুযায়ী, এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার সঙ্গে সিনিয়র কোচ হিসেবে যুক্ত হতে পারেন সোহেল ইসলাম। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘এইচপিতে আমরা নতুন সেটআপ আনছি। সালাহউদ্দিন ভাই ও সোহেল ভাই সেখানে যোগ দেবেন।’