ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি পাবেন বাংলাদেশের সেরা ক্রিকেটার

অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি পাবেন বাংলাদেশের সেরা ক্রিকেটার

মাঠের এক প্রান্তে ছোট একটি মঞ্চের ওপর সাজিয়ে রাখা তিনটি ই-বাইক। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুই টেস্টের ম্যাচণ্ডসেরা পাবেন দুটি বাইক, সিরিজ-সেরা পাবেন অন্যটি। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটারও পেয়েছিলেন একটি ই-বাইক। সামনের সিরিজের হাতছানি আরও আকর্ষণীয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন ঝা চকচকে একটি গাড়ি।

বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্টের শেষ দিনে লাঞ্চ বিরতির সময় বিসিবি ও চেরি বাংলাদেশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পাবেন একটি চেরি ব্র্যান্ডের গাড়ি। চুক্তি স্বাক্ষর আয়োজনে বিসিবি সভাপতি তামিম ইকবাল বললেন, এই ধরনের ব্র্যান্ড বিসিবির সঙ্গে সম্পৃক্ত হওয়া মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ সুখবর।

‘আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংযুক্ত হওয়া, বিশেষ করে গত এক-দেড় বছর বা দুই বছরে ভাবমূর্তির যে ক্ষতি হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডগুলোর আসা শুরু হয়েছে। গত সিরিজও দেখেছেন যে, এখানে ই-বাইক কিছু কোম্পানি ছিল, এখনও কিছু কোম্পানি আসছে। বিসিবির জন্য দারুণ ইতিবাচক।’ ‘এ রকম বড় বড় কোম্পানি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া আমাদের ক্রিকেটের জন্যও ভালো, পাশাপাশি আমাদের ক্রিকেটারদেরকেও একটা ইনসেনটিভ দেওয়া হলো, কোনো সিরিজে ভালো করার জন্য।’ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের সেরা হয়ে ই-বাইক জিতেছিলেন পেসার শরিফুল ইসলাম। সেরা ক্রিকেটারের জন্য গাড়ি পুরস্কার দেশের ক্রিকেটে সর্বশেষ ছিল দ্বিতীয় বিপিএলে, যেটি জিতেছিলেন সাকিব আল হাসান। স্মৃতির ডানায় অতীতে ভেসে তামিম বললেন, জাতীয় দলের খেলায় সর্বশেষ গাড়ি জিতেছিলেন তার বড় ভাই নাফিস ইকবাল, ২০০৫ সালে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৯ জুন, টি-টোয়েন্টি সিরিজ ১৭ জুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত