ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ফুটসাল লিগ শুরু আজ

ফুটসাল লিগ শুরু আজ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ জেতার পর পাল্টে গেছে দেশের ফুটবলাঙ্গণের দৃশ্য। ফুটসাল নিয়ে শুরু হয়েছে নতুন রোমাঞ্চকর খেলা। আজ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথমবারের মতো পর্দা উঠছে ঘরোয়া ফুটসাল লিগের। পুরুষ ও নারী দুই বিভাগেই ১১টি ক্লাব অংশ নেবে। শুরুর আসরে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন, স্পোর্টস ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ও জেনন এফসি। প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল পাঁচটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেনাবাহিনী ও বিকেএসপির নারী দল। সন্ধ্যা ৭টায় একই দল দুটির পুরুষ বিভাগ লড়বে। রাত ৯টায় জেনন এফসি মোকাবিলা করবে ঢাকা অ্যাথলেটিককে। দলগুলোর মধ্যে আইএম টেন এফসি গড়েছে এক স্বপ্নের দল। কারণ এই দলে খেলবেন সাফ ফুটসাল জয়ী সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, মাসুরা পারভীন, স্বপ্না আক্তার, লিপি, নিলুফা, মার্জিয়া ও মাতসুশিমা সুমাইয়া। অন্যান্য দলে সানজিদা আক্তার, ফয়সাল হোসেন ও ফায়েদ আজিমের মতো তারকাদের দেখা গেলেও ব্যক্তিগত কারণে লিগ মিস করবেন কানাডা প্রবাসী রাহবার খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত