
ক্রমেই ঘনিয়ে আসছে ফিফা বিশ্বকাপ। আগামী ১২ জুন পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এ টুর্নামেন্টের। এবারের আসরের মূল আয়োজক যুক্তরাষ্ট্র। সহআয়োজক হিসেবে আছে মেক্সিকো ও কানাডা। এবারের বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। তারমধ্যে অন্যতম আলোচ্য ইস্যু ইরান। এখন পর্যন্ত দেশটির ফুটবলার ও কর্মকর্তাদের ভিসা দেয়নি আয়োজক যুক্তরাষ্ট্র। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে এখনও জাতীয় দলের কোনও খেলোয়াড় বা কর্মকর্তার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু করা হয়নি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
তাজ বলেছেন, আগামীকাল অথবা পরশু ফিফার সঙ্গে আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। ভিসা ইস্যুর বিষয়টি এখনও সমাধান হয়নি। এ কারণে আমাদের প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কে ভিসা পেয়েছেন- এমন কোনো তথ্যও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয়নি। তার ভাষায়, এখন পর্যন্ত কোনো ভিসাই ইস্যু করা হয়নি। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে বলে জানান তাজ। তবে বিকল্প ব্যবস্থারও চেষ্টা চলছে, খেলোয়াড়দের আঙুলের ছাপ দিতে আঙ্কারায় যেতে হবে। তবে আমরা চেষ্টা করছি যেন আনতালিয়াতেই এ প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তাহলে আঙ্কারায় যাওয়ার প্রয়োজন হবে না। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থা চলছে। যদিও ৮ এপ্রিল থেকে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
ইসলামি বিপ্লবের পর ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের দূতাবাসে জিম্মি সংকটের ঘটনার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। এদিকে, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বুধবার জাতীয় ফুটবল দলের বিদায়ী অনুষ্ঠান আয়োজন করেছে ইরান।