
নতুন মৌসুমের আগে বড় চমক দেখাল চেলসি। ক্লাবটির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রিয়াল কোচ জাবি আলোনসো। যদিও কয়েক দিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভাসছিল। গত শনিবার রাতে খবরের সত্যতা নিশ্চিত করে সংবাদও প্রকাশ করে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। গতকাল রোববার সেই খবরই নিশ্চিত করেছে চেলসি। মাঠে বাজে সময় পার করা স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন জাবি আলোনসো। গত ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদ থেকে ছাঁটাই হওয়ার পর থেকে নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন এই স্প্যানিশ কোচ।
চলতি মৌসুমে চেলসির জন্য সান্ত¡না হতে পারত এফএ কাপ শিরোপা। কিন্তু গতকাল রাতে কাপ ফাইনালেও হতাশ করেছে ব্লুজরা। ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে তারা। ম্যাচ শেষে চেলসির খেলোয়াড়রা যখন পদক নিচ্ছিলেন, তখনই ছড়িয়ে পড়ে আলোনসোর কোচ হয়ে আসার খবর। এ খবর বিমর্ষ সমর্থকদের মন কিছুটা হলেও ভালো করে দেয়। গত মাসে ব্যর্থতার দায়ে লিয়াম রোজনিয়রকে বরখাস্ত করে চেলসি। এর পর থেকে স্থায়ী প্রধান কোচ ছাড়াই খেলছিল তারা। জানুয়ারিতে এনজো মারেসকার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১০৬ দিনের মধ্যেই চাকরি হারাতে হয় রোজনিয়রকে। ৪৪ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেন কোচ আলোনসোকে প্রাক-মৌসুমে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। তার চুক্তি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।