
জাতীয় দলের কোচ নিয়োগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নাটকীয়তা করলেও ব্রিটিশ কোচ ক্রিস কোলম্যানের বিষয়ে রাজি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কোলম্যানের যাবতীয় খরচার বিষয়ে ওয়াকিবহাল রয়েছে তারা। রোববার জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন করতে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘শর্টলিস্টে থাকা কয়েকজন বিদেশি কোচের মধ্যে কোলম্যানকে নিয়েই এরইমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার সম্মতি দেওয়া হয়েছে।’ আমিনুল হক আরও জানান, বাফুফে বর্তমানে শর্টলিস্টে থাকা কোচদের এজেন্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আপনারা কোলম্যানের কথা শুনেছেন, রবার্ট ব্র্যাডস্টক রয়েছেন, আরও কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে থেকে যাকে নেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, সেই কোলম্যানের বিষয়ে এরইমধ্যে বাফুফে সহযোগিতা চেয়েছে এবং আমরা সেই সম্মতি দিয়েছি।’
তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার কারণ হিসেবে তিনি এজেন্ট পর্যায়ের আলোচনার বিষয়টি তুলে ধরেন। প্রতিমন্ত্রীর ভাষ্য, ‘বাফুফে সভাপতির সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি, কোলম্যানের এজেন্টের সঙ্গে কিছু বিষয়ে এখনো বোঝাপড়া শেষ হয়নি। সেটি সম্পন্ন হলেই আমরা নিশ্চিত হতে পারব কোলম্যানকে পাওয়া যাবে কি না।’