
ভোটের লড়াই শুরুর আগেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের চিত্র! চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেছে, কয়েকজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন একাধিক পরিচিত মুখ। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক নান্নুর নাম। দীর্ঘদিন ধরে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পর এবার প্রথমবারের মতো পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তার পরিচালক পদ নিশ্চিত হয়ে গেছে। আগামী ৭ জুন মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন। গতকাল সোমবার প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা গেছে, মোট ৮ জন প্রার্থী ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।