
দারুণ শুরু করেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হলো বাংলাদেশের। ম্যাচে দুইবার এগিয়ে থেকেও সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল। ফলে পুরুষদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় পুল ম্যাচে চীনের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল রোববার জাপানের কাকামিগাহারায় অবস্থিত কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর পর দলের লক্ষ্য ছিল টানা দ্বিতীয় জয় তুলে নেওয়া।
ম্যাচের নবম মিনিটেই সেই লক্ষ্যপূরণের পথে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে সফলভাবে গোল করে দলকে এগিয়ে দেন মুন্না ইসলাম। প্রথম দুই কোয়ার্টারে সেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় বাংলাদেশ। তবে তৃতীয় কোয়ার্টার শুরু হতেই ম্যাচে ফিরে আসে চীন। ৩১তম মিনিটে জুয়ান বোলাং গোল করে সমতা ফেরান। এতে ম্যাচ নতুন করে জমে ওঠে। চীনের সমতায় কিছুটা চাপে পড়লেও বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়ায়। ৪১তম মিনিটে ওপেন প্লে থেকে আকাশ তুহিন গোল করে আবারও লিড এনে দেন দলকে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরই ওপেন প্লে থেকে ঝাং ইউওয়েই গোল করে আবারও সমতায় ফেরান চীনকে।
ম্যাচের শেষ ভাগে আক্রমণের ধার আরও বাড়ায় চীনারা। সেই চাপের ফলও পেয়ে যায় তারা। লিয়াও জিয়াঝেন জয়সূচক গোলটি করে চীনের জয় নিশ্চিত করেন এবং বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দেন।