ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি

কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি

সদস্যপদের শর্তাবলীর ‘গুরুতর লঙ্ঘনের’ কারণে ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। লাল বলের টেস্ট ম্যাচে গোলাপি বলের ব্যবহার পরীক্ষামূলকভাবে চালু করাসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে আইসিসির বোর্ড সভায়।

গত রোববার ভারতের আহমেদাবাদে হয় এই সভা। আইসিসির প্রধান নির্বাহী কমিটির পক্ষ থেকে আসা বেশ কিছু সুপারিশ অনুমোদন করেছে আইসিসি বোর্ড। সেগুলো গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করা হলেও আইসিসি জানিয়েছে, কানাডার জাতীয় দলগুলো আগের মতোই আইসিসি ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। তারা আইসিসির তত্ত্বাবধানে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে তহবিল পাবে, যাতে প্রশাসনিক সমস্যার কারণে ক্রিকেটারদের ওপর বিরূপ প্রভাব না পড়ে।

আইসিসি আরও জানিয়েছে, ক্রিকেট কানাডাকে সদস্যপদ পুনর্বহালের জন্য কিছু শর্ত দেওয়া হবে, যার লক্ষ্য হবে প্রশাসনিক ঘাটতিগুলো পূরণ করা। আইসিসির ‘নর্মালাইজেশন’ কমিটি এই শর্তগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

লাল বলের টেস্ট ম্যাচে আলোকস্বল্পতা থাকলে উভয় দলের পূর্বানুমতি সাপেক্ষে গোলাপি বলের ব্যবহার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এটিসহ আইসিসির প্রধান নির্বাহী কমিটির কয়েকটি সুপারিশের খবর আগেই প্রকাশ করেছিল ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। এতদিন শুধু দিবা-রাত্রির টেস্ট ম্যাচে গোলাপি বল ব্যবহার করা হতো। আলোকস্বল্পতার কারণে টেস্ট ম্যাচে যেন সময় নষ্ট না হয়, সেজন্য গবেষণারও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যেখানে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সঙ্গে যৌথভাবে গবেষণা ও উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত