
ঢাকা প্রিমিয়ার লিগের শেষ পর্যায়ে এসে ঠিকানা পেলেন মোস্তাফিজুর রহমান। অভিজ্ঞ পেসার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচেই আবাহনীর জার্সিতে মাঠে নামতে পারেন তিনি। গত আসরের চ্যাম্পিয়নদের হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুশীলন করেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের আগে লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে মোস্তাফিজ। সবশেষ গত ২৩ এপ্রিল চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেছিলেন। ওই ম্যাচে শিকার করেছিলেন ৪৩ রানে ৫ উইকেট। জাতীয় দলের সিরিজের আগে ম্যাচ অনুশীলনের ঘাটতি কাটাতেই মূলত আবাহনীতে নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর কোচ হান্নান সরকার।
তিনি বলেন, ‘মোস্তাফিজ দলবদল সম্পন্ন করে আবাহনীতে যোগ দিয়েছে। কালকে (শুক্রবার) ম্যাচ খেলাব কি না, সেটা তো পরের সিদ্ধান্ত (হাসি)। আজকে (বৃহস্পতিবার) দুপুরে তিনটায় দলের সঙ্গে অনুশীলন করেছে।’ ঢাকা লিগে বর্তমানে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে প্রাইম ব্যাংক।