ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবলাররা

অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবলাররা

অনেক টানাপোড়েনের পর, বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেয়েছে ইরানের খেলোয়াড়রা। তবে ইরানের গণমাধ্যমের খবর, দেশটির কয়েকজন ফুটবল কর্মকর্তা এখনও ভিসা পাননি। হোয়াইট হাউজের পক্ষ থেকে গত শুক্রবার রয়টার্সকে ইরানের ফুটবলারদের ভিসা পাওয়ার খবরটি নিশ্চিত করা হয়। এর আগের দিন, মেক্সিকোয় ইরানের রাষ্ট্রদূত আবুলফাজল পাসানদিদেহ বলেছিলেন তারা এখনও ভিসা হাতে পাননি। ইরানের আধা-রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভিসা না পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন- প্রধান নির্বাহী মেহদি খারাটি, ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মমবিনি ও মিডিয়া পরিচালক মহসেন মোতামেদকিয়া।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, তারা দলের সঙ্গে মেক্সিকো সফরে যাবেন এবং তাদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য কাজ চলমান থাকবে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে, ৪৮ দলের। আগামী বৃহস্পতিবার মেক্সিকোয় স্বাগতিক দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে লড়াই।

আসরটি যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও এবং ইরান তাদের সবগুলো ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত