
চোটের কারণে গত কয়েক মাস ছিলেন মাঠের বাইরে। এবারের প্রিমিয়ার লিগের মাঝপথে মাঠে ফিরেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। এর মধ্যেই হাসান মাহমুদের সামনে এল আরও বড় মঞ্চ। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলবেন এই পেসার। কাউন্টি ক্রিকেটে তার যোগ দেওয়ার খবরটি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কেন্ট।
দলটির অফিশিয়াল ওয়েবসাইটে হাসান জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্যও গর্বের একটি মুহূর্ত।’ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সব মিলে ছয়টি ম্যাচে কেন্টের হয়ে খেলবেন হাসান। ১২ থেকে ১৫ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাঠে নামবে কেন্ট, ওই ম্যাচই হতে পারে কাউন্টিতে হাসান মাহমুদের প্রথম ম্যাচ। ১৯ থেকে ২২ জুন ক্যান্টারবেরির বিপক্ষে কেন্টের পরের ম্যাচ। এই দুই ম্যাচ খেলে বাংলাদেশে ফিরবেন হাসান। সেপ্টেম্বরে মৌসুমের শেষ চারটি ম্যাচ খেলতে আবার যাবেন ইংল্যান্ডে। কেন্টের এই অধ্যায়টা স্মরণীয় করে রাখতে চান হাসান।