ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে চমক

জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে চমক

সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়ের সামনে এবার লাল বলের চ্যালেঞ্জ। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ব্যাটসম্যান। তার চেয়েও বড় চমক অবশ্য রবিউল হক। জিম্বাবুয়ে সফরের দলে নেওয়া হয়েছে রংপুর বিভাগের এই পেস বোলারকে। দলে ফিরেছেন দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। হৃদয়ের জন্যও এটিকে বলা যায় ফেরা। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিকুর রহিমের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে খেলার সুযোগ পাননি। জিম্বাবুয়েতে একটি টেস্টই খেলবে বাংলাদেশ। ১৫ সদস্যের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা এই টেস্টে বেশ কিছু পরিবর্তন প্রত্যাশিতই ছিল। বোলিং আক্রমণেই সেই পরিবর্তনগুলো এসেছে। ব্যাটিংয়ে হৃদয়কে দলে যোগ করা হলেও বিশ্রাম বা বাদ দেওয়া হয়নি কাউকে।

অফ স্পিনার নাঈম হাসানকে মাঠে নামার সুযোগ দেওয়ার ভাবনায় মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার। দলে ফেরা হৃদয় প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মোটে ১৬টি। রেকর্ড অবশ্য খারাপ নয়। ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৯৮৩ রান করেছেন ৪৪.৬৮। এর মধ্যে আছে একটি ডাবল সেঞ্চুরিও। গত মৌসুমে অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে স্রেফ একটি ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রাজশাহী বিভাগকে, রান করেছিলেন দুই ইনিংসে ৩৮ ও ৩২। রবিউল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩২টি। উইকেট নিয়েছেন ১০৯টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪ বার। প্রধান নির্বাচক জানালেন, পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি পূরণে দলে নেওয়া হয়েছে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ফিফটি যদিও মোটে দুটি, ব্যাটিং গড় ২০.৭৫। তবে ব্যাটের হাত এমনিতে তার মন্দ নয়।

গত জাতীয় লিগে ক্যারিয়ার সেরা ৭০ রানের ইনিংস তিনি খেলেছেন। উইকেট নিয়েছেন ৫ ম্যাচে ২২টি। পরে বাংলাদেশ ক্রিকেট লিগের একমাত্র রাউন্ডে ইনিংসে পাঁচটিসহ উইকেট নিয়েছিলেন ৬টি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ না পাওয়া অমিত হাসান ধরে রেখেছেন জায়গা। যদিও ব্যাটসম্যানদের কাউকে বিশ্রাম না দেওয়ায় তার খেলার সুযোগ এখানেও কম। সুইং বোলার হাসান দলে ফিরেছেন চোট কাটিয়ে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে এখন তিনি আছেন ইংল্যান্ডে। ১৩ টেস্টে ৩৬ উইকেট নেওয়া পেসার সবশেষ এই সংস্করণে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে গত নভেম্বরে। আইরিশদের বিপক্ষে ওই সিরিজেই মিরপুর টেস্টে খেলেছিলেন খালেদ। ১৭ টেস্ট খেলা পেসার এরপর আর সুযোগ পাচ্ছিলেন না।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট ম্যাচটি শুরু আগামী ২৮ জুন। এই সফরে পরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। সেই সিরিজের দল ঘোষণা হবে পরে।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত