
অপেক্ষা ছিল লিগের প্রথম দিন থেকেই। স্রেফ একটি সেঞ্চুরির ব্যাপার। ঢাকা প্রিমিয়ার লিগে এনামুল হক তো একরকম বলে-কয়েই সেঞ্চুরি করেন! এবার উল্টো চিত্র। সেই অপেক্ষা যেন শেষ হচ্ছিল না। অবশেষে লিগের শেষ দিনে ধরা দিল সেই কাঙ্ক্ষিত মাইলফলক। নতুন উচ্চতায় পা রাখলেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। গতকাল শুক্রবার ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী দিনে সেঞ্চুরি করেছেন এনামুল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান ১১৫ বলে ১৪১ রানের ইনিংস খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের হয়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ২৫তম শতরান এটি। ছাড়িয়ে গেলেন তিনি এতদিন সঙ্গে থাকা তামিম ইকবালকে।
৩২০ ইনিংস খেলে ২৪ সেঞ্চুরি ক্যারিয়ার শেষ করেছেন তামিম। ৮৬ ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন এনামুল। ৩৬৩ ইনিংসে ১৬ সেঞ্চুরিতে তিনে আছেন মুশফিকুর রহিম। ১৯০ ইনিংস খেলে ১৫ সেঞ্চুরি করে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। ২০০৯ সালে জাতীয় লিগের একদিনের ম্যাচের আসর দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে পথচলা শুরু এনামুলের। তার নিজের বিভাগ খুলনা হলেও অভিভষেক হয়েছিল ঢাকা বিভাগের হয়ে। ১৭ বছর বয়সে অভিষেকে তিনি ব্যাট করতে নেমেছিলেন ৯ নম্বরে। রান করেছিলেন ২১। পরে তিনি দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান আসে তার ব্যাট থেকে। ওই বছরই তার ওয়ানডে অভিষেক হয় বাংলাদেশের হয়ে। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ২০ ম্যাচেই উপহার দেন ৩টি সেঞ্চুরি। তবে সেই ধারা পরে ধরে রাখতে পারেননি। একসময় জায়গা হারান জাতীয় দলে।