
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতায় দুই কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল শনিবার এক বিবৃতিতে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন তিনি। দেড় দশক পর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। সফরকারীদের বিপক্ষে প্রথম ম্যাচ জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছরের জয়খরা কাটায় স্বাগতিকরা। আর দ্বিতীয় ম্যাচ জিতে নিশ্চিত করে সিরিজ।
এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত করার পরই এল পুরস্কারের ঘোষণা। গতকাল শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বাংলাদেশ দলের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই পুরস্কার ঘোষণা করেন। পুরস্কার পাওয়ার আনন্দ নিয়ে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথমবারের মত হোয়াটওয়াশ করার সুযোগ থাকছে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।