ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কঙ্গোর বিপক্ষে ‘ঠান্ডা মাথায়’ খেলতে চায় কলম্বিয়া

কঙ্গোর বিপক্ষে ‘ঠান্ডা মাথায়’ খেলতে চায় কলম্বিয়া

এক আসর পর, বিশ্বকাপে ফিরে দারুণ শুরু পাওয়া কলম্বিয়ার প্রতিপক্ষ এবার ডিআর কঙ্গো। যারা প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে আত্মবিশ্বাসে ফুটছে। ডিআর কঙ্গোকে নিয়ে তাই সতর্ক কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো। বললেন, কঙ্গো ম্যাচে তাদের খেলতে হবে, তপ্ত হৃদয় ও ঠাণ্ডা মাথা নিয়ে। মেক্সিকোর গুয়াদালাহারায় ‘কে’ গ্রুপের ম্যাচে, বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় মুখোমুখি হবে দুই দল। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করা কলম্বিয়ার সামনে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ। অন্যদিকে, পর্তুগালকে ১-১ ড্রয়ে আটকে আসা ডিআর কঙ্গো নামবে নকআউটে খেলার আশা জিইয়ে রাখতে।

ডিআর কঙ্গোর আক্রমণ সামলে, পাল্টা আক্রমণে ওঠার সক্ষমতা কলম্বিয়াকে বিপদে ফেলতে পারে, মনে করেন লরেন্সো। অবশ্য নিজেদের আক্রমণভাগ নিয়ে আশাবাদী তিনি। বিশেষ করে, উজবেকিস্তান ম্যাচে গোল করা লুইস দিয়াসের দিকে লরেন্সো তাকিয়ে আছেন, গোলের দাবি নিয়ে। ‘কঙ্গো ৫-৩-২ ফরমেশনে খেলে, তাদের দুজন ফরোয়ার্ড অনেক উপরে অবস্থান করে। ট্রানজিশন এবং পাল্টা আক্রমণে তারা পারদর্শী। তারা আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।’

লরেন্সো বলেন, ‘আমাদের আক্রমণভাগও শক্তিশালী। তবে, সে (দিয়াস) কতগুলো আক্রমণ শাণাল সেটা নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে মুভগুলো শেষ করল। সে একজন পরিপূর্ণ ফরোয়ার্ড।’ সেরা একাদশে উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, বললেন লরেন্সো।

প্রথম ম্যাচ ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে খেলে আসার অভিজ্ঞতার কথা উল্লেখ করে এই আর্জেন্টাইন কোচ বললেন, গুয়াদালাহারায় তাদের খেলতে হবে ঠাণ্ডা মাথায়। ‘কঙ্গোর বিপক্ষে আমাদের তপ্ত হৃদয় ও ঠাণ্ডা মাথা নিয়ে খেলতে হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত