
ওয়ানডে দলের অন্যরা জিম্বাবুয়েতে পৌঁছে গেছেন। কিন্তু লিটন কুমার দাস এখনও দেশেই। চোট থেকে যদিও সেরে ওঠার পথেই আছে, কবে তিনি যেতে পারবেন, নিশ্চিত নয় এখনও। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, তার সেরে উঠতে আরও এক সপ্তাহের মতো সময় দরকার। প্রথম ওয়ানডেতে এই কিপার-ব্যাটসম্যানকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে তৃতীয় ওয়ানডেতে বাঁ পায়ের পেশির চোটে পড়েন লিটন। ওই ম্যাচে ৪৮ রানের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়েন। পরে মাঠে নেমে ৫৮ রানে অপরাজিত ছিলেন। ব্যাটিং করলেও চোটের কারণে ম্যাচের দ্বিতীয় পরের ভাগে মাঠে নামতে পারেননি তিনি।
লিটনের এই চোটকে প্রথমে ক্র্যাম্প মনে করা হয়েছিল। দ্রুত সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন এই আশায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যান। তবে সেখানেও তার মাঠে নামা হয়নি। ঢাকা ফিরে শুরু করেন পুনর্বাসন। নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ হতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে ছিটকে পড়েন ৩১ বছর বয়সী ক্রিকেটার। মিরপুরে ফিজিওর সঙ্গে নিয়মিত চলছিল তার। রোববার ওয়ানডে দলের সঙ্গে জিম্বাবুয়ে না যাওয়ায় তাকে ঘিরে তৈরি হয় সংশয়।
জাতীয় দলের ফিজিও সোমবার ভিডিও বার্তায় জানান লিটনের চোটের সবশেষ অবস্থা। ‘লিটন কুমার দাস বাঁ পায়ের কাফ মাসেলের ইনজুরিতে ভুগছেন। এটি এখনও গ্রেড-১ পর্যায়ে আছে। সাধারণত ২-৩ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা। ইতিমধ্যে দুই সপ্তাহ পার হয়েছে।
আশা করছি, তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন। (জিম্বাবুয়েতে) প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা খুবই কম। ফিটনেস টেস্ট এবং অন্যান্য সব প্যারামিটারে পাস করতে পারলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলার সম্ভাবনা আছে।’ জিম্বাবুয়েতে বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছে এখন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী সোমবার।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল খান হারারে থেকে ভিডিও বার্তায় জানান, বুধবার জিম্বাবুয়েতে যাবেন লিটন।