
পাঁচ দিনের ম্যাচ শেষ আড়াই দিনেই। ৪৫০ ওভারের ম্যাচের ফয়সালা হয়ে গেল ২০০ ওভারের আগেই। ম্যাচের প্রথম দিনই নিজেদের সম্ভাবনার কবর খুঁড়েছিল বাংলাদেশ। এখন সমাধিও হয়ে গেল। টানা চার টেস্ট জয়ে উড়তে থাকা দল হুট করেই মুখ থুবড়ে পড়ে গেল বিব্রতকর পরাজয়ে। জিম্বাবুয়ে পেল রেকর্ড গড়া জয়। হারারে টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারাল বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ইনিংস ব্যবধানে সবশেষ হেরেছিল সেই ২০০১ সালে। দুই দলের প্রথম টেস্ট ছিল সেটি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ছিল দ্বিতীয় ম্যাচ।
জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। আগের সেরা জয়টি ছিল ঠিক আগের টেস্টেই। গত অক্টোবরে আফগানিস্তানকে হারায় তারা ইনিংস ও ৭৩ রানে। ১৯৯২ সালে প্রথম টেস্ট খেলা দলটি প্রথমবার টানা দুই ম্যাচে ইনিংস ব্যবধানে চেয়ের স্বাদ পেল। রিচার্ড এনগারাভার নেতৃত্বের শুরুটাও হলো জয় দিয়ে। প্রথম দিনে ১৪০ রানের গুটিয়ে যাওয়া বাংলাদেশ প্রথম ইনিংসে পিছিয়ে ছিল ২৭০ রানের। ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যায় দ্বিতীয় দিনেই। দেখার ছিল, লড়াই কতটা করতে পারে তারা। চূড়ান্ত হতাশ করেছে তারা সেখানেও। ৩৫ রানও ছুঁতে পারেনি কোনো ব্যাটসম্যান।
উইকেটে বাউন্স ছিল, মুভমেন্টও মিলেছে। তবে বেশির ভাগ উইকেট পড়েছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। দিনের দ্বিতীয় ওভারেই বাউন্স সামলাতে না পেরে গালিতে সহজ ক্যাচ দেন মাহমুদুল হাসান জয় (২২)। প্রথম ইনিংসে ফিফটি করা মুমিনুল হক এবার আউট হন শরীর থেকে দূরে ড্রাইভ করে (১৩)। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন ব্র্যাড ইভান্স।
তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটিতে লড়াইয়ের আভাস দেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে তাদের শেষটাও বাজে শটে। নিউম্যান নিয়ামুরির ফুল টসে বোল্ড হন শান্ত (৩০)। ব্লেসিং মুজারাবানির লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েন মুশফিক (৩৪)। প্রথম ইনিংসের মতোই আলগা শটে দ্বিতীয় ইনিংসে ফিরেছেন তাওহিদ হৃদয়। অভিষেকে দুই ইনিংসে তার রান ৩ ও ৯।
আরেক অভিষিক্ত অমিত হাসান ভালো কয়েকটি শট খেলেন। বিশেষ করে অফ ড্রাইভ ও অন ড্রাইভে নিজের প্রতিভার ঝলক কিছুটা দেখাতে পারেন। তবে ২৫ রান করে তিনিও ফেরেন অনেক বাইরের বলে বাজে শট খেলেই। এরপর লোয়ার অর্ডার লড়াই করতে পারেনি বেশিক্ষণ। প্রথম ইনিংসের মতো এবারও জিম্বাবুয়ের চার পেসার মিলেই শেষ করে দেন ইনিংস। চার উইকেট নিয়ে তাদের মধ্যে সেরা মুজারাবানি। সাড়ে তিন বছর পর টেস্টে ফিরে ১৪০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ইনোসেন্ট কাইয়া। দুই দল এখন খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যেটি শুরু আগামী সোমবার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৯ ওভারে ৪০/১ (জয় ২১*, সাদমান ৯, মুমিনুল ৯*; এনগারাভা ৩-০-১৪-১, মুজারাানি ৪-০-২১-০, নিয়ামুরি ২-১-৫-০)।
ফল: জিম্বাবুয়ে ইনিংস ও রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইনোসেন্ট কাইয়া।