ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

আক্রমণ পাল্টা আক্রমণ, হাতাহাতি, লাল কার্ড ও রোমাঞ্চকর নাটকীয়তায় ভরা উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর খেলা শেষ হয়েছে। গতকাল বুধবার ভোরে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে নকআউটের এ পর্ব। এরই সঙ্গে ঠিক হয়ে গেছে কোয়ার্টার-ফাইনালের লাইনআপ। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে টিকে আছে আট দল। বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মতো দল। শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। একদিনের বিরতির পর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। চারটি ম্যাচই জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

ফ্রান্স-মরক্কো : কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১০ জুলাই, আগামী শুক্রবার রাত ২টায়। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। চার বছর পর আবারও বিশ্বকাপের নকআউটে দেখা হচ্ছে দুই দলের।

স্পেন-বেলজিয়াম: দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। বাংলাদেশ সময় ১১ জুলাই, আগামী শনিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোয় পর্তুগালকে হারিয়ে এসেছে স্পেন, আর যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম।

নরওয়ে-ইংল্যান্ড : তৃতীয় কোয়ার্টার ফাইনালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় ১২ জুলাই, গতকাল রোববার রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। ব্রাজিলকে বিদায় করে দারুণ আত্মবিশ্বাসে আছে নরওয়ে। অন্যদিকে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড: শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় ১২ জুলাই, আগামী রোববার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত