
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন চোটাক্রান্ত লিটন দাস। এই কিপার-ব্যাটসম্যানের বদলি হিসেবে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য পারভেজ হোসেন ডাক পেয়েছেন। গত বুধবার রাতে এক বিবৃতিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পায়ের চোটের কারণে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না, এটা জেনেই জিম্বাবুয়ে সফরে যান লিটন। আশা ছিল পরের ম্যাচগুলোর আগে সুস্থ হয়ে ওঠার; কিন্তু এখনও হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়ে যাওয়ায় দেশে ফিরে আসবেন তিনি। দেশেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। গত মাসে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোটে পড়েন লিটন। তখন ক্র্যাম্প মনে হলেও, পরে জানা যায় মাংসপেশির চোটে পড়েছেন।
ফলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডে খেলতে পারেননি তিনি। হারারেতে ফিটনেস পরীক্ষা দেন ৩১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান।
সেখানে সন্তোষজনক ফলাফল আসেনি। তাই এই সিরিজের জন্য তাকে আর বিবেচনায় নেওয়া হচ্ছে না, জানান জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। “লিটন ইতোমধ্যে প্রথম ওয়ানডে খেলতে পারেননি এবং এখনও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন। আজকে (বুধবার) তার ফিটনেস পরীক্ষা হয় এবং ফলাফল সন্তোষজনক নয়। সামনে পরপর ওয়ানডে থাকায় আমাদের মনে হয় না, এই সিরিজের কোনো অংশে খেলার মতো অবস্থায় ফিরতে পারবেন তিনি।”