ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বকাপের চমক ভজিনিয়া এখন নতুন ঠিকানায়

বিশ্বকাপের চমক ভজিনিয়া এখন নতুন ঠিকানায়

দেশের প্রথম বিশ্বকাপ অভিযানে গিয়েই অবিশ্বাস্য পারফরম্যান্সে তাক লাগিয়ে দেওয়া ভজিনিয়া নতুন ক্লাবে যোগ দিয়েছেন। চিলির ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন কেইপ ভার্ডের এই গোলরক্ষক। ক্লাবটির প্রেসিডেন্ট আনিবাল মোসা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বকাপে অভিষেক ম্যাচেই জায়ান্ট স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় কেইপ ভার্ড। এরপর, উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে, গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে তারা। শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষেও চোখে চোখ রেখে লড়াই করে তারা। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে।

কেইপ ভার্ডের এই স্মরণীয় পথচলায় গুরুত্বপূর্ণ একজন ছিলেন ভজিনিয়া। চার ম্যাচে ১৮টি সেভ করেন তিনি, যার মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে আটটি এবং স্পেনের বিপক্ষে সাতটি। পুরো আসরে একটিমাত্র গোল হজম করা চ্যাম্পিয়ন স্পেনের গোলরক্ষক উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেসদের পেছনে ফেলে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নেন ভজিনিয়া। ট্রান্সফার মার্কেটের হিসেবে বিশ্বকাপের আগে ভজিনিয়ার মূল্য ছিল মাত্র ৫৮ হাজার ডলারের মতো। সেটা বেড়ে এখন তার দাম প্রায় পাঁচ লাখ ৮১ হাজার ডলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত