
জাতীয় দল ঘোষণা মানেই কারও পৌষ মাস, কারও সর্বনাশ। আসন্ন অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের দলেও দেখা গেল সেই চিত্র! চোট যেমন কারও জন্য হতাশার কারণ, তেমনি অন্য কারও জন্য নতুন সুযোগের দরজা খুলে দেয়। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে গতকাল রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিকের প্রত্যাবর্তন এবং তরুণ পেসার মুশফিক হাসানের প্রথমবারের মতো ডাক পাওয়া। অন্যদিকে চোটের কারণে প্রথম টেস্টের দলে নেই লিটন দাস, আগেই ছিটকে গেছেন গতিময় পেসার নাহিদ রানাও। দীর্ঘ সময় পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার।
গতকাল মিরপুরে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে লম্বা সময় ধরে লাল বলে ব্যাটিং অনুশীলন করছিলেন জাকের। এতে ধারণা করা যাচ্ছিল, অস্ট্রেলিয়া সফরে বিকল্প উইকেটরক্ষক হিসেবে সুযোগ মিলতে পারে তার। আর নাহিদ রানা ছিটকে যাওয়ায় তার বিকল্প হিসেবে মুশফিক হাসান ডাক পেতে পারেন- এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে, মাহমুদুল হাসান জয়ের বাজে পারফরম্যান্সের সুবাদে অপ্রত্যাশিতভাবে ডাক পেয়েছেন সৌম্য সরকার। ৫ বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন তিনি। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ১৪ ইনিংসে এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৪৫ গড়ে ৬৩৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন সৌম্য। এই পারফরম্যান্স ছাড়াও, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মাটিতে আগে খেলার অভিজ্ঞতা থাকায় তাকে দলে রাখা হয়েছে।
লিটন দাসের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার হিসেবে জাকের আলীকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মূলত লিটনের বিকল্প হিসেবেই এক বছর পর টেস্ট দলে ফিরেছেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ছয় ম্যাচে ৩৩৭ রান করেছেন জাকের। ৩০.৬৩ গড়ে খেলা এই ব্যাটারের ঝুলিতে রয়েছে চারটি অর্ধশতক, যার মধ্যে ৯১ রানের ইনিংসটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা। জাতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকতা দেখিয়েছেন জাকের। গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি চার দিনের ম্যাচে তিন ইনিংসেই অর্ধশতক করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগেও আবাহনীর হয়ে ছয় ম্যাচে একটি সেঞ্চুরিসহ নজরকাড়া পারফরম্যান্স ছিল তার।
তবে টেস্ট দলে জাকেরের প্রত্যাবর্তন ঠিক তার ফর্মের জন্য নয়। চোটের কারণে ১৩ আগস্ট শুরু ডারউইনের প্রথম টেস্টে লিটন দাস খেলবেন না। মূলত তার বিকল্প হিসেবেই জাকেরকে দলে নেওয়া বলে জানা গেছে বিসিবি সূত্রে। ২০২৪ সালের অক্টোবের অভিষেকের পর জাকের এখন পর্যন্ত ৬ টেস্টে ৩০.৬৩ গড়ে রান করেছেন ৩৩৭। নামের পাশে চারটি ফিফটি থাকলেও টেস্টে এখনো সেঞ্চুরির দেখা না পাওয়া জাকেরের সর্বোচ্চ ইনিংস ৯১ রানের। ২০২৪ এর নভেম্বরে ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজেই তার ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরির সুবাস পাওয়া সেই ইনিংস।
এ বিষয়ে বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য নাদিফ চৌধুরি বলেন, বিকল্প ওপেনার হিসেবে সৌম্যকে নেওয়া হয়েছে। দজয় সন্তোষজনক পারফরম্যান্স করতে পারছে না। তার বিকল্প হিসেবে সৌম্যকে নেওয়া হয়েছে। সবশেষ এনসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। সঙ্গে ওই কন্ডিশনে (অস্ট্রেলিয়ায়) খেলার অভিজ্ঞতা আছে। সবকিছু বিবেচনায় নিয়ে তাকে দলে রাখা হয়েছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে লিটন দাসের জায়গায় ডাক পেয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে, অস্ট্রেলিয়া সফরে লিটনের জায়গা নিয়েছেন জাকের।‘এ’ দল ও এইচপি দলের হয়ে অঙ্কন নিজেকে আরেকটু পরিণত করে দলে জায়গা করে নিবেন, এমনটা প্রত্যাশা নাদিফের। ‘আমরা চাচ্ছি, অঙ্কন ‘এ’ দল ও এইচপি দলের হয়ে খেলে আরেকটু পরিণত হয়ে আসুক। সে কারণে জাকেরকে নেওয়া হয়েছে। টেস্টে সে যে কয়েকটা সুযোগ পেয়েছে, ভালো ব্যাটিং করেছে। এসব বিবেচনায় নিয়ে জাকেরকে দলে নেওয়া হয়েছে।’
দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান। নাহিদ রানার অনুপস্থিতিতে পেস আক্রমণে তাকে যুক্ত করেছেন নির্বাচকেরা। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেও খেলা হয়নি অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসারের। তাকে জায়গা করে দিতে জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন রবিউল হক। ডানহাতি এই পেসারকেও ‘এ’ দলের হয়ে খেলিয়ে আরও পরিপক্ক করতে চান নির্বাচকরা। ‘আমরা চাই না, রবিউল আবার শুধু শুধু দলের সঙ্গে থাকুক। এ জন্য তাকে রাখা হয়নি অস্ট্রেলিয়া সফরে। তাকে ‘এ’ দল ও এইচপি দলের হয়ে খেলানো হবে। আর গতির একটা ব্যাপার আছে, অস্ট্রেলিয়ায় বাড়তি গতির দরকার হবে। এ জন্য মুশফিক হাসানকে দলে নেওয়া হয়েছে।’
পাঁচ পেসারের বহরে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং মুশফিক হাসান। স্পিন বিভাগে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে দায়িত্বে থাকবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম। ব্যাটিং বিভাগেও এসেছে পরিবর্তন। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। তবে এবার জায়গা হয়নি ওপেনার মাহমুদুল হাসান জয়ের। উইকেটরক্ষক হিসেবে জাকের আলীর পাশাপাশি স্কোয়াডে রাখা হয়েছে অমিত হাসানকেও।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট সাউথ ম্যাকায়ে। সিরিজ শুরুর আগে ৬ থেকে ৮ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।