ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রিয়াল মাদ্রিদ ছাড়বেন ভিনিসিয়ুস!

রিয়াল মাদ্রিদ ছাড়বেন ভিনিসিয়ুস!

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের সম্পর্ক দীর্ঘদিনের। স্প্যানিশ ক্লাবটির হয়ে ২০১৮ সাল থেকে ধারাবাহিক সাফল্যের অন্যতম কারিগর ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জয়ের পাশাপাশি নিজেকে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই ব্রাজিলিয়ান। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তার সুযোগ কাজে লাগিয়ে ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে আগ্রহী ইংলিশ ক্লাব আর্সেনাল! ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমের পর। সেই পরিস্থিতিতে আর্সেনাল তার দলবদলের সম্ভাবনা যাচাই করছে। সম্প্রতি অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে মরগান রজার্সকে দলে নিয়েছে চেলসি। রজার্সকে না পাওয়ার পর থেকেই ভিনিসিয়ুসের দিকে নজর বাড়িয়েছে গানার্সরা।

এদিকে ভিনিসিয়ুসের চুক্তি ও বেতন নিয়েও আলোচনা চলছে। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক ফুটবলার টেরি গিবসন জানিয়েছেন, বর্তমানে ভিনিসিয়ুস বছরে ১৫ মিলিয়ন ইউরো বেতন পান। রিয়াল মাদ্রিদ নতুন চুক্তিতে তাকে ২০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতনের প্রস্তাব দিয়েছে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দাবি ৩০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় রিয়ালের প্রস্তাব প্রায় ২৮১ কোটি টাকা হলেও ভিনিসিয়ুসের চাওয়া প্রায় ৪২১ কোটি ২৩ লাখ টাকা। সেই হিসাবে তার সাপ্তাহিক বেতন দাঁড়ায় প্রায় ৫ লাখ ৭৬ হাজার ৯২৩ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ১০ লাখ টাকা! গিবসনের দাবি, চুক্তি নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। সমঝোতা না হলে রিয়াল মাদ্রিদ বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রাখছে। তার মতে, সম্ভাব্য বিকল্প হিসেবে আরবি লাইপজিগের ইয়ান ডিওমান্দের দিকে নজর রয়েছে স্প্যানিশ জায়ান্টদের। অন্যদিকে দল পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে আর্সেনাল। ইতোমধ্যে লেয়ান্দ্রো ত্রসার্দকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে তুরস্কের বেসিকতাসে বিক্রি করেছে তারা। পাশাপাশি ক্লাব ব্রুগা থেকে ক্রিস্টোস জোলিসকে দলে ভিড়িয়েছে প্রায় ৫৫৮ কোটি ৬৮ লাখ টাকা খরচ করে। তবে লেফট উইংয়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পারফরম্যান্স প্রত্যাশা পূরণ না করায় ওই পজিশনে নতুন বিকল্প খুঁজছে মিকেল আর্তেতার দল। গত প্রিমিয়ার লিগ মৌসুমে মার্তিনেল্লি ৩০ ম্যাচে মাত্র একটি গোল করেন।

ভিনিসিয়ুসও স্বাভাবিকভাবে লেফট উইংয়েই খেলেন। তাই তাকে নিয়ে আর্সেনালের আগ্রহকে বাস্তবসম্মত বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে টেরি গিবসনের মতে, গত ১৮ মাস ধরে চলা এই চুক্তি-সংক্রান্ত অচলাবস্থা থাকলেও ভিনিসিয়ুসের প্রত্যাশিত বেতন মেটানো আর্সেনাল কিংবা প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবের জন্য সহজ হবে না।

স্কাই স্পোর্টসের পিটার স্মিথ মনে করেন, আর্সেনাল যদি শেষ পর্যন্ত ভিনিসিয়ুসকে দলে নিতে পারে, তাহলে তা হবে প্রিমিয়ার লিগের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দলবদল। একই সঙ্গে তিনি নজর রাখছেন রিয়াল মাদ্রিদে নতুন করে দায়িত্ব নেওয়া জোসে মরিনিওর অধীনে ভিনিসিয়ুসের ভবিষ্যতের দিকেও। যদিও ভিনিসিয়ুসের ক্যারিয়ারের সেরা সময়ের অন্যতম স্থপতি ছিলেন কার্লো আনচেলত্তি। বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকা আনচেলত্তির অধীনেও নিজের ছাপ রেখেছেন ভিনিসিয়ুস। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে ১-২ গোলে হেরে বিদায় নিলেও ভিনিসিয়ুস চারটি গোল ও একটি অ্যাসিস্ট করে ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত