
বর্তমান সময়ে ফুটবল বিশ্বে সেরা উইঙ্গারদের একজন ভিনিসিয়ুস জুনিয়র। এটা খুবই অবাক করা বিষয় যে, চুক্তির শেষ বছরে এসেও তার সঙ্গে এখনও সেটি নবায়ন করেনি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ না বাড়ানো হলে পরবর্তী সময়ে কোথায় যাবেন, সেটি এখনও অনিশ্চতায় রয়েছে। তবে এই সময়টা ঠিকভাবে কাজে লাগাতে উদ্যোগী হয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। কিলিয়ান এমবাপের সমপরিমাণ বেতন দাবি করছেন তিনি। জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের তথ্য অনুযায়ী, আর্সেনাল চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব প্রস্তুত করছে। খুব শিগগিরই রিয়াল মাদ্রিদ ও খেলোয়াড়ের প্রতিনিধিদের কাছে সেই প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে। অন্যদিকে চুক্তির মেয়াদ না বাড়ালেও রিয়াল মাদ্রিদ এরইমহধ্যে আলোচনা শুরু করেছে ভিনির সঙ্গে।