ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শরিফুলকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে

শরিফুলকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে

পুনবার্সন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়ে অগ্রগতি হচ্ছে দ্রুততায়। ফিটনেস পরীক্ষার সময়ও তাই আসছে এগিয়ে। সব ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় টেস্টের স্কোয়াডের জন্য বিবেচনায় থাকবেন শরিফুল ইসলাম। চোটের কারণে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে নেই শরিফুল। সবশেষ জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের গ্রেড ১ চোটে পড়ে দেশে ফেরত আসতে হয় তাকে। বিশ্রাম শেষে গত ২৯ জুলাই থেকে মিরপুরে বোলিং শুরু করেছেন। পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে বাড়ছে তার ওয়ার্কলোড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধ বা বৃহস্পতিবার ওয়ার্কলোডের সর্বোচ্চ সীমা স্পর্শ করতে পারবেন তিনি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বুধবার তার ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে দুই দিন এগিয়ে এনে সোমবার মিরপুরে তার ফিটনেস পরীক্ষা হতে পারে, জানালেন বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। দটেস্ট খেলার জন্য সপ্তাহে যে পরিমাণ বল করার কথা, সেই বোলিং না করলে ওকে ছাড়তে পারছি না। যদি কালকে ফিটনেস পরীক্ষা নেই, কালকেই পাস করে যাবে। এখানে চোট বা ফিটনেস কোনো ব্যাপার না। ইস্যু হচ্ছে ওয়ার্কলোড। জাতীয় দলের ফিজিও যে বোলিং পরিকল্পনা দিয়েছে, সেটি এই মাসের ১১ বা ১২ তারিখে স্পর্শ করবে। ফিটনেস টেস্ট ১২ তারিখের জায়গায় ১০ তারিখে নেওয়ার চিন্তা করছি। যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে ১০ তারিখে। না হলে, ১১ বা ১২ তারিখে নিয়ে নেব। ফিটনেস পরীক্ষা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। বোলিং ওয়ার্কলোড ইস্যু না থাকলে প্রথম টেস্ট থেকেই সে খেলতে পারত।’

ফিজিও জানালেন, ২৫ বছর বয়সী এই পেসার এখন পুরোদমেই বোলিং করতে পারছেন। ‘বোলিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। ভালো বোলিং করছে। বোলিংয়ের ইনটেনসিটিও শতভাগ।’ আগামী বৃহস্পতিবার শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ডারউইন টেস্ট। শরিফুল যে টেস্টে চোখ রাখতে পারেন, সেই ম্যাকাই টেস্ট শুরু ২২ অগাস্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত