
বিতর্কিত প্রস্তাব থেকে পিছু হটে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এ কারনে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে “পূর্ণ সমর্থন” পেয়েছেন। বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার যে পরিকল্পনা করা হয়েছিল তা নিয়ে সৃষ্ট বিতর্কের জন্য দুঃখপ্রকাশ করে কার্যত নিজের পদকে রক্ষা করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বোচ্চ ব্যক্তি ইনফান্তিনো। বাতিল হওয়া ওই পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ফিফার নেতৃত্ব নিজেদের “ভুল” স্বীকার করেছে। তবে মরক্কোয় অনুষ্ঠিত সংকটকালীন বৈঠকের পরও চাপের মুখে থাকা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে তারা। পরিকল্পনাটি কীভাবে পরিচালনা করেছেন, তা নিয়ে ইনফান্তিনো নিজ সংস্থার ভেতর থেকেও ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। গত শনিবার পরিকল্পনাটি বাতিল করার পর থেকেই তার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।
বুধবার এক বিবৃতিতে ফিফার নেতৃত্ব স্বীকার করেছে, “প্রস্তাবটি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার পরও কিছু ভুল হয়েছিল।” ফিফা জানিয়েছিল, নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)-এর মূল্য ২০ বিলিয়ন ডলার ধরে এই পরিকল্পনার মাধ্যমে সর্বোচ্চ ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হতে পারে। প্রস্তাব অনুযায়ী, এই প্রতিষ্ঠান বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো আয়োজন পরিচালনা করত। ফিফা বলেছিল, পরিকল্পনাটি অনুমোদিত হলে ২০২৭ সালের শুরুতে সংস্থাটির ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের প্রত্যেককে এককালীন ২ কোটি ডলার দেওয়া যেতে পারে। পাশাপাশি ২০২৭-৩০ চক্রে তাদের তহবিল বরাদ্দ ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করা হতে পারে।
কিন্তু প্রণোদনা হিসেবে কাজ করার বদলে এই পরিকল্পনা তীব্র ক্ষোভের জন্ম দেয়। এমনকি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ বয়কট করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়। তোপের মুখে গত শনিবারের মধ্যে ইনফান্তিনো নিজের ভুল স্বীকার করে পরিকল্পনাটি প্রত্যাহার করে নেন। ইনফান্তিনো বলেন, “আমাদের উদ্দেশ্য সবসময় ছিল এবং সবসময় থাকবে। একইসাথে সবাইকে ঐক্যবদ্ধ করা ও উন্নতি সাধন করাও আমাদের মূল লক্ষ্য।” রাবাতে গত বুধবারের বৈঠকের পর ফিফার মহাসচিব এবং উপস্থিত ফিফা ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা এক বিবৃতিতে বলেন, তারা ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশন কর্তৃক নির্বাচিত একমাত্র কর্মকর্তা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।