ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফিফার নিষেধাজ্ঞা কাটাতে আরও সময় পেল ২ ক্লাব

ফিফার নিষেধাজ্ঞা কাটাতে আরও সময় পেল ২ ক্লাব

আবাহনী ও বসুন্ধরা কিংসের ওপর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা কাটাতে আরও চার দিন সময় মিলেছে। এর আগে ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর লাইসেন্সিংয়ের শর্ত পূরণের নির্ধারিত শেষ সময় ছিল ৪ আগস্ট পর্যন্ত।

পরে প্রথম দফায় সেটি বাড়িয়ে ৭ আগস্ট করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার দ্বিতীয় দফায় সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

ক্লাব লাইসেন্সিংয়ের জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, তার অন্যতম হলো ক্লাবগুলোর ‘ওভার ডিউ’ সংক্রান্ত কোনো মামলা থাকলে তা নিষ্পত্তি করা। আবাহনীর তিনটি এবং বসুন্ধরা কিংসের এমন ১২টি ইস্যু থাকায় এই দুই ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা ছিল যথাক্রমে তিনটি ও ১২টি। এর মধ্যে আবাহনী দুটি নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ পেলেও একটি এখনও ঝুলে আছে। আর কিংসের রয়ে গেছে ১২টিই। এতদিন ১১টি নিষেধাজ্ঞা মাথায় ছিল কিংসের। দুই দিন আগে যোগ হয়েছে আরেকটি। নতুন মৌসুমের জন্য খেলোয়াড় নিবন্ধন চলছে। ক্লাবগুলোর আবেদনের কারণে বাফুফে চার দিন সময় বাড়িয়ে ১১ আগস্ট পর্যন্ত ক্লাব লাইসেন্সিংয়ের সুযোগ করে দিয়েছে। ১১ আগস্টের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ক্লাব লাইসেন্সিং করতে না পারলে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে অংশ নিতে পারবে না আবাহনী ও বসুন্ধরা কিংস। তবে আবাহনী ঝামেলামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে। শিগগিরই নিষেধাজ্ঞা ওঠার চিঠি পেয়ে যাওয়ার কথা আবাহনীর। তবে কিংস ১২টি নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে লিগে অংশ নিতে পারবে কি না, তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত