
ডারউইনে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের স্কোরকার্ডটা অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির হওয়ার কথা। ২৬৩ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪। ম্যাচও শেষ সোয়া দুই দিনে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের হার। কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আসল পরীক্ষার আগে এই স্কোরকার্ডটাকেই বাংলাদেশের সামর্থ্যের মাপকাঠি হিসেবে দেখতে নারাজ ট্রাভিস হেড। তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং এক অর্থে দুই রকম ছবি দেখিয়েছে। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ২৬৩ রান তুলেছিল তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ক্যাম্পবেল থমসনের পেস সামলাতে পারেনি কেউই। মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই পেসারের সামনে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে ৫৪ রানে।
৯২ রানের লিড নিয়েই শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে জিতে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। টেস্ট সিরিজ শুরুর আগে এমন হার স্বাভাবিকভাবেই বাংলাদেশের আত্মবিশ্বাসে ধাক্কা দেওয়ার মতো। কিন্তু অস্ট্রেলিয়ার ওপেনার হেড সেই ফল দিয়ে বাংলাদেশকে বিচার করছেন না। গতকাল সোমবার অস্ট্রেলিয়ার অনুশীলনের আগে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে। আমিও বছরের পর বছর ধরে এরকম কিছু বাজে ম্যাচ খেলেছি। এই ম্যাচগুলো সবসময়ই বেশ চ্যালেঞ্জিং, কারণ মানসিকভাব হয়ত আপনি অন্য কোথাও মনোযোগ দিয়ে রেখেছেন।’
হেডের কথায় বরং প্রস্তুতি ম্যাচ আর মূল সিরিজের মধ্যে পার্থক্য স্পষ্ট। তার ধারণা, বাংলাদেশের ক্রিকেটাররা এরইমধ্যে ডারউইনের সেই ম্যাচকে পেছনে ফেলে বৃহস্পতিবারের টেস্ট নিয়েই ভাবছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া দলকে ছোট না করেই বলছি- বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই ভাববে।