
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শামিত সোম ইতিহাসখ্যাত মার্কিন ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। পেলে ও ফ্রাঞ্জ বেকনবাওয়ারের মতো কিংবদন্তি ফুটবলারদের সাবেক এই ক্লাবে যোগদানের খবর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে তিন বছর খেলে চলতি বছরের জানুয়ারিতে ক্লাব ছাড়েন শামিত। এরপর তিনি নতুন গন্তব্য খুঁজছিলেন। সম্প্রতি নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন উঠেছে। যদিও খেলোয়াড় বা ক্লাব কেউই এখনো অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেনি। নিউইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগ ইউএসএল লিগ ওয়ানে খেলে। তবে ক্লাবটির ঐতিহ্য অনেক বড়। ১৯৭০-এর দশকে ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে এবং জার্মান বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকনবাউয়ার এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন।
কানাডায় জন্মগ্রহণকারী শামিত বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি আগে কানাডার জাতীয় দলের হয়েও খেলেছেন। পরে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল-সবুজ জার্সি গায়ে তুলে নেন। ২০২৫ সালে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটে তার এবং তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক গোলও করেছেন।