ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বকাপ ফাইনালের গোলদাতা বার্সা ছেড়ে পিএসজিতে!

বিশ্বকাপ ফাইনালের গোলদাতা বার্সা ছেড়ে পিএসজিতে!

বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন স্পেনের তারকা ফরোয়ার্ড ফেরান তোরেস। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে তার দলবদল নিয়ে নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছে বার্সেলোনা। প্রায় ৫০ মিলিয়ন ইউরোর (প্রায় ৭০৮ কোটি টাকা) বিনিময়ে এই চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।

আগামী কয়েক দিনের মধ্যেই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। এর আগে মেডিকেল পরীক্ষার জন্য প্যারিসে উড়াল দেবেন তোরেস। সবকিছু ঠিকঠাক থাকলে এরপরই ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তিতে সই করবেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর আগে তোরেসকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরোর প্রাথমিক প্রস্তাব দিয়েছিল পিএসজি। তবে সেটি প্রত্যাখ্যান করেছিল বার্সেলোনা। যদিও দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে প্রায় ৫০ মিলিয়ন ইউরোতে দলবদল সম্পন্ন হতে যাচ্ছে।

তোরেসকে ধরে রাখার ব্যাপারে বার্সেলোনার আগ্রহ ছিল। এমনকি তার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও চিন্তা করছিল ক্লাবটি। কিন্তু বর্তমান চুক্তির আর মাত্র এক বছর বাকি থাকায় এবং তোরেস নিজেই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করায় তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ জয়ের পর তোরেসের জন্য পিএসজিতে যোগ দেওয়ার সময়টাও বেশ বিশেষ। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের হয়ে জয়সূচক গোল করেছিলেন তিনি। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার নতুন চ্যালেঞ্জে পা রাখছেন এই ফরোয়ার্ড।

পিএসজিতে তোরেসের জন্য পরিচিত একজন কোচও অপেক্ষা করছেন। লুইস এনরিকের অধীনে দ্বিতীয়বারের মতো কাজ করবেন তিনি। এর আগে স্পেন জাতীয় দলের কোচ থাকাকালে এনরিকের অধীনে খেলেছেন তোরেস। পিএসজির শক্তিশালী আক্রমণভাগে এবার বাড়তি বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবেন তিনি।

উইঙ্গার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় ফরোয়ার্ড হিসেবে নিজেকে মানিয়ে নিয়েছেন তোরেস। পিএসজিতে তাকে মূলত ‘নম্বর নাইন’ হিসেবেই ব্যবহার করা হতে পারে। বিশেষ করে গনসালো রামোস এসি মিলানে চলে যাওয়ার পর আক্রমণভাগে নতুন একজন স্ট্রাইকারের প্রয়োজন ছিল পিএসজির।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ পারফর্ম করেছেন তোরেস। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২১ গোল। ফলে তার বিদায়ে বার্সেলোনার আক্রমণভাগে বড় ধরনের শূন্যতা তৈরি হবে।

এরই মধ্যে রবার্ট লেওয়ানডস্কিও বার্সেলোনা ছেড়েছেন। চলতি গ্রীষ্মে তিনি যোগ দিয়েছেন এমএলএসের ক্লাব শিকাগো ফায়ারে। ফলে তোরেসের বিদায়ের পর স্প্যানিশ চ্যাম্পিয়নদের দলে এখন স্বীকৃত কেন্দ্রীয় স্ট্রাইকারের ঘাটতি আরও প্রকট হয়ে উঠবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত