ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ফলাফলের চিন্তা না করে যে পরিকল্পনায় এগোচ্ছেন শান্ত

ফলাফলের চিন্তা না করে যে পরিকল্পনায় এগোচ্ছেন শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৬৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা। চতুর্থ দিনে হাতে থাকা ৬ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া। এমন অবস্থায় ম্যাচের ফল নিয়ে না ভেবে প্রতিটি সেশন ধরে এগোনোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিনের খেলা শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত। দীর্ঘ সময় ধরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্য ছিল জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি, সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।’

এই টেস্টে বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটারদের পারফরম্যান্সও আলাদা করে নজর কেড়েছে। দলের নিচের সারির ব্যাটারদের ব্যাট হাতে অবদান রাখার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ চলছে বলে জানান শান্ত। তিনি বলেন, ‘আমরা সবসময় ভেবেছি, কিভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কী করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি।’

তবে ম্যাচের ফলাফল নিয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। বরং প্রতিটি সেশনে নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনোযোগ তাদের। শান্ত বলেন, ‘আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে আগাচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত