ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হচ্ছে না চ্যালেঞ্জ কাপ, সাত কর্মদিবস চাইল কিংস

হচ্ছে না চ্যালেঞ্জ কাপ, সাত কর্মদিবস চাইল কিংস

চলতি মাসের ২১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ফুটবলের ২০২৬-২৭ মৌসুমের। কিন্তু এখনও ফিফার নিষেধাজ্ঞায় দেশের শীর্ষ দুই ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। আর তাদের মধ্যেই হওয়ার কথা ছিল এই ম্যাচটি। কিন্তু এমন পরিস্থিতিতে হচ্ছে না এই ম্যাচটি। ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপ নতুন এক সংস্করণ। লিগের চ্যাম্পিয়নদের সঙ্গে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করা মূল উদ্দেশ্য। তবে লিগ ও ফেডারেশন কাপে একই ক্লাব চ্যাম্পিয়ন হলে লিগ রানার্সআপ দল চ্যালেঞ্জ কাপ খেলবে। গত দুই মৌসুম বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান এই দুই ম্যাচ খেলেছে। দুবারই কিংস চ্যাম্পিয়ন হয়েছে। এবার আবাহনীর খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে না।

আগামী ২৫ আগস্ট থেকে ফেডারেশন কাপ ও ২৮ আগস্ট থেকে লিগ শুরু হওয়ার কথা রয়েছে। আবাহনী ও কিংস এখনও ফুটবলার নিবন্ধন করতে পারেনি। ওয়ান্ডারার্স-আরামবাগ সপ্তাহ দু’য়েক আগে লিগে খেলার অনুমতি পেয়েছে। তাদের চাওয়া সময় বর্ধিত করা। এরপরও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এখন পর্যন্ত সকল কিছু নির্ধারিত সূচি অনুযায়ী শুরু করার আশা ব্যক্ত করছেন। বাফুফে সভাপতি বলেন, ২১ আগস্টে চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। আজ ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন। আমরা আজ রাত পর্যন্ত অপেক্ষা করব। এরপর সিদ্ধান্ত নেব। ফেডারেশন কাপ ও লিগ ঘোষিত সূচি অনুযায়ী শুরুর ইচ্ছে রয়েছে। বাফুফে সভাপতির ইচ্ছে থাকলেও বাস্তবতা ভিন্ন। বসুন্ধরা কিংসের এখনও দশটি নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাফুফে সভাপতির সঙ্গে ক্লাবগুলোর আলোচনা সভায় বসুন্ধরা কিংসের প্রতিনিধি কোচ সৈয়দ গোলাম জিলানী আরো সাত কর্ম দিবস সময় চেয়েছেন। সাত কর্ম দিবসের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদনের যোগ্য হবেন। এরপর ফুটবলার নিবন্ধনের সুযোগ পাবেন।

৩ সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলের দলবদলের সময়। আগস্টের শেষ সপ্তাহে ফেডারেশন কাপ, লিগ শুরুর সূচি থাকায় ১৯ আগস্টের মধ্যে ফুটবলার নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। তাই অনেক ক্লাবের চাওয়া ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেওয়া হোক। ঐতিহ্যবাহী মোহামেডান ফুটবলার নিবন্ধন সম্পন্ন করেছে। এখনও কোচ চূড়ান্ত করেনি। বিদেশি ফুটবলারও ঢাকায় আনেনি। আজকের সভায় মোহামেডানের প্রতিনিধি মোস্তাকুর রহমান বাফুফের অবস্থান জেনে অন্য ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে অবস্থান ব্যক্ত করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত