
বার্সেলোনায় ব্লকবাস্টার চুক্তি সম্পন্ন করতে কাতালুনিয়ায় পা রেখেছেন ম্যানচেস্টার সিটি তারকা রদ্রি। ইতিহাদ স্টেডিয়ামে সাত বছরের ট্রফিখচিত অধ্যায় শেষ করেছেন তিনি। নিজের উপস্থিতি জানান দিতে সময় নষ্ট করেননি স্প্যানিশ মিডফিল্ডার। পছন্দের জার্সি নম্বর পেতে ভবিষ্যৎ সতীর্থের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। ম্যানসিটি থেকে তারকা মিডফিল্ডারের সঙ্গে চার বছরের চুক্তি করতে সম্মতিতে পৌঁছে গেছে বার্সেলোনা। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে এই বড় দলবদল তারা সম্পন্ন করছে সাড়ে ৬ কোটি পাউন্ডে। মাদ্রিদে জন্ম নেওয়া এই মিডফিল্ডার এল প্রাতের বেসরকারি বিমান টার্মিনালে পা রাখেন পরিবারকে সঙ্গে নিয়ে। তারপরই সংক্ষেপে স্বপ্নের দলবদল নিয়ে তিনি বলেন, এখানে আসতে পেরে খুব খুশি। অনেক ব্যস্ত দিন কাটল, কিন্তু আমি খুশি যে সবকিছুর সমাধান হয়েছে। বার্সার হয়ে খেলা আমার জন্য স্বপ্ন। আমার সতীর্থদের সঙ্গে দেখা করতে অধীর হয়ে আছি। অনেককেই আমি জাতীয় দলে খেলার সুবাদে চিনি।