ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মালয়েশিয়ায় শেষ ভালোর আশায় মনিকা-রিপারা

মালয়েশিয়ায় শেষ ভালোর আশায় মনিকা-রিপারা

প্রিলিমিনারি রাউন্ড পেরুনোর লড়াই থেকে ছিটকে যাওয়ার পর এখন শেষ ভালোর অপেক্ষায় রাজশাহী স্টার্স। প্রথমবারের মতো এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়া মনিকা-রিপাদের চাওয়া শেষটা অন্তত জয়ের হাসিতে রাঙানোর। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে রোববার প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশ সময় ২টা (পিএম) গুয়ামের দল রোভার্স এফসির মুখোমুখি হবে রাজশাহী স্টার্স। দুই দলেরই প্রিলিমিনারি রাউন্ড পেরুনোর আশা শেষ। ইস্ট বেঙ্গল ও সাবাহ এফসির বিপক্ষে হেরেছে তারা। এই দুই ম্যাচে রোভার্স হজম করেছে ২৫ গোল। রাজশাহী স্টার্স ছয়টি হজম করে ফিরিয়ে দিতে পেরেছে মাত্র একটি।

রোমাঞ্চ নিয়ে প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাওয়া রাজশাহী স্টার্সের শুরুটা হয় ভারতের দল ইস্ট বেঙ্গলের বিপক্ষে ৪-০ গোলে হেরে। এরপর সাবাহ এফসির বিপক্ষে ২-১ ব্যবধানে হারে গোলাম রব্বানী ছোটনের দল। এ ম্যাচেই দলের হয়ে প্রথম গোল করেন মোছাম্মাৎ সুলতানা। গত দুই ম্যাচের পারফরম্যান্সের দেখলে অবশ্য রোভার্সের বিপক্ষে এগিয়ে রাজশাহী স্টার্সই। দলটির ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা বললেন, শেষ ভালোর জন্য মুখিয়ে আছে দল। “এই প্রথম আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা আমাদের। অনেক বড় অভিজ্ঞতা হয়েছে, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। কেননা, সামনে এশিয়ান গেমস আছে। এখানে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলেছি। শেখার অনেক কিছু ছিল। কালকের ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। জয় দিয়ে শেষ করতে চাই। “একজন স্ট্রাইকার হিসেবে গোল করার বা গোল করানোর সবসময় প্রত্যাশা থাকে। আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটুকু দিয়ে খেলার জন্য। কাল আশা করি ভালো কিছু হবে।”

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত