ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আগামী বছর পাকিস্তানে বসছে এসএ গেমস

আগামী বছর পাকিস্তানে বসছে এসএ গেমস

পাকিস্তানের তিন শহর ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে হতে যাচ্ছে সাউথ এশিয়ান (এসএ) গেমস। আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। ইসলামাবাদ থেকে বিওএর মহাসচিব জোবায়দুর রানাও বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলামাবাদের এক হোটেলে গতকাল রোববার এসএওসির নির্বাহী কমিটির সভায় গেমসের সূচি ও আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সভাপতি আরিফ সাঈদ সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

গেমসে পুরুষদের ২৮টি এবং নারীদের ২৫টি ডিসিপ্লিন হবে। সব মিলিয়ে ৩৪৬টি সোনার পদকের জন্য লড়বেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রীড়াবিদেরা। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগী দেশগুলোর ৪ হাজার ২০০র বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তা গেমসে অংশ নেবেন। ইসলামাবাদ হবে এবারের গেমসের মূল কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানও হবে পাকিস্তানের রাজধানীতে। লাহোরে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। পেশোয়ারেও থাকছে বিভিন্ন খেলার প্রতিযোগিতা। সভায় পাকিস্তানের গেমস আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিযোগিতার ভেন্যু, আবাসন, যাতায়াত, লজিস্টিকস এবং তিন শহরে ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে প্রতিনিধিদের অবহিত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত