
এমনিতে মাঠকর্মীদের ব্যস্ত থাকতে দেখা যায় মাঠেই। মাটি আর ঘাসের সঙ্গে মাখামাখিতেই শেখার জগৎ সমৃদ্ধ হয় তাদের। তবে এবার ভিন্ন অভিজ্ঞতা হলো তাদের। তাত্ত্বিক অনেক কিছুই শিখলেন তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টার দুই দিন মুখরিত হলো মাঠের এই মানুষদের কলতানে। বিসিবির নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন মাঠের মাঠকর্মীরা অংশ নিলেন লেভেল-১ কিউরেটর কোর্সে। কিউরেটরদের জন্য এবারই প্রথম এমন কোর্সের আয়োজন করেছিল বিসিবি। সেখানে উত্তীর্ণ হয়েছেন ৫৮ জন।
চট্টগ্রাম ও ঢাকায় দুই ধাপে বিসিবি এই কোর্স সম্পন্ন করেছে। যেখানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বিসিবির সকল স্টেডিয়ামের মাঠকর্মীরা। অংশ নেন মোট ৭৮ জন। গত ১১ ও ১২ অগাস্ট চট্টগ্রামের ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম দফা। সেখানে অংশ নেন কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল ও ফতুল্লা স্টেডিয়ামের মাঠকর্মীরা। সেখানে মোট ৩৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৮ জন। মিরপুরে গত রোববার ও গতকাল সোমবার দ্বিতীয় দফার কোর্সে অংশ নিয়েছে মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর মাঠকর্মীরা। ৪১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪০ জন। বিসিবির গ্রাউন্ডস কমিটির তত্ত্বাবধানে এই কোর্সের মূল প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন বোর্ডে টার্ফ ম্যানেজমেন্ট প্রধান টনি হেমিং। কোর্স শেষে তিনি শোনালেন এর পেছনের ভাবনা।