
বিশ্বকাপের ফাইনালে হারের পর যে গল্পটা হঠাৎ অনিশ্চয়তায় থমকে গিয়েছিল, সেটিই আবার নিচ্ছে নতুন মোড়! লিওনেল স্কালোনিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় ফিরেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বকাপজয়ী কোচের চুক্তি নবায়ন নিয়ে সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এএফএ নিজেই তাপিয়া ও স্কালোনির বৈঠকের ছবি প্রকাশ করে জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরের শেষে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি করেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, চুক্তি শেষ করবেন, এরপর ভবিষ্যৎ নিয়ে ভাববেন। সেই কথায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল শঙ্কা-আর্জেন্টিনার সোনালি সময়ের কোচ কি এবার সরে দাঁড়াবেন?
সময়ের সঙ্গে সেই সংশয় অবশ্য কিছুটা নরম হয়েছে। ২৪ সেপ্টেম্বর স্কালোনি নিজেই জানিয়েছেন, তাপিয়ার সঙ্গে বসে কথা বলার ব্যাপারে তার আগ্রহ আছে, 'এখানে থাকার ইচ্ছা আমার আছে, তবে অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। আলোচনার জন্য আমার পুরোপুরি আগ্রহ আছে।' আর এখন সেই আলোচনাই বাস্তবে শুরু হয়েছে। যদিও নতুন চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, এএফএর পক্ষ থেকে আশাবাদ রয়েছে যে স্কালোনিকে ধরে রাখা সম্ভব হবে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য নতুন চুক্তিটি হতে পারে দুই বছরের-২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত।