ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শান্তর এশিয়ান গেমস শেষ

শান্তর এশিয়ান গেমস শেষ

এশিয়ান গেমসে বড় কিছু করার স্বপ্ন নিয়ে শক্তিশালী দল নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ। সেই স্বপ্নের সারথি হয়ে দলে ছিলেন নাজমুল হোসেন শান্তও। কিন্তু মাঠে নামার আগেই থামতে হলো এই টপ অর্ডার ব্যাটারকে! জ্বর, বমি ও শারীরিক দুর্বলতায় হাসপাতালে নেওয়ার পর বিশ্রামের পরামর্শ পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত এশিয়ান গেমসের অভিযান আর চালিয়ে যাওয়া হচ্ছে না শান্তর-জাপান থেকে আজ মঙ্গলবার দেশে ফিরছেন তিনি।

এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব) জানিয়েছেন, জ্বরে ভুগছেন শান্ত। নাগোয়ার একটি হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তার প্রয়োজন বিশ্রাম। ফলে ক্রিকেট খেলার মতো অবস্থায় না থাকায় তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবশ্য টিম হোটেলে ফিরেছেন শান্ত। তবে শারীরিক দুর্বলতা কাটেনি। কয়েকবার বমিও করেছেন তিনি। এমন অবস্থায় দেশে ফেরার পথটাও সহজ হওয়ার কথা নয়। তবে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল মনে করছেন, একা ফেরার মতো অবস্থায় শান্ত আছেন। নাফিস বলেন, এত গুরুতর অসুস্থ নয় যে একা যেতে পারবে না। তার পরিবর্তে অন্য খেলোয়াড় স্কোয়াডে আসবে কি না সেই সিদ্ধান্ত এখনও হয়নি। শান্তর অসুস্থতার শুরুটা অবশ্য জাপানে পৌঁছানোর পর নয়। দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলামের ভাষ্য, জাপানে যাওয়ার ফ্লাইটেই জ্বর অনুভব করছিলেন এই ব্যাটার। এরপর জ্বর ওঠানামা করেছে। করা হয়েছে রক্ত পরীক্ষাও। পরীক্ষায় ডেঙ্গু ও কোভিড নেগেটিভ এলেও রক্তে ইনফেকশন ধরা পড়েছে। বায়েজিদ ইসলাম বলেন, আসার ফ্লাইট থেকেই জ্বর অনুভূত হচ্ছিল। এটা উঠানামা করছে। রক্ত পরীক্ষা করা হয়েছে। এতে ডেঙ্গু-কোভিড নেগেটিভ এসেছে। তবে রক্তে ইনফেকশন রয়েছে। শরীর অনেক দুর্বল হওয়ায় খেলা সম্ভব নয় তার, তাই দেশে ফিরে যাচ্ছে। শান্তর ছিটকে যাওয়ায় এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তার জায়গায় কি নতুন কাউকে স্কোয়াডে নেওয়া হবে? এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রয়োজনে ক্রিকেট বোর্ডের হাতে বিকল্প ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে। শেফ দ্য মিশন মেজর ইমরোজ বলেন, দীর্ঘ তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে চাইলে ক্রিকেট বোর্ড খেলোয়াড় আনতে পারে। বাংলাদেশের সামনে অবশ্য অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফলে শান্তকে হারানোর ধাক্কা সামলে খুব অল্প সময়ের মধ্যেই নকআউটের লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।

শান্তর জন্য তাই এশিয়ান গেমসের অভিযানটা হয়ে গেল অদ্ভুত এক গল্প। দলের সঙ্গে জাপানে গিয়েছিলেন, কিন্তু ব্যাট হাতে মাঠে নামার সুযোগই পেলেন না। অসুস্থতা তাকে নিয়ে গেল হাসপাতাল পর্যন্ত, আর সেখান থেকে এবার ফেরার পথ বাংলাদেশে!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত